পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছরের ১৩ আগস্ট এক তরুণী অভিযোগ করেন, নোবেল তাঁকে নিজের স্টুডিওতে আটকে রেখে হেনস্তা করেন এবং আপত্তিকর ছবি তোলেন। এই ঘটনায় তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

শেষ আপডেট: 24 February 2026 14:22
দ্য ওয়াল ব্যুরো: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় রিয়্যালিটি শো সারেগামাপা থেকে পরিচিতি পাওয়া বাংলাদেশের গায়ক মইনুল আহসান নোবেল (Mainul Noble) আবারও গ্রেফতার। এক তরুণীকে হেনস্তার অভিযোগে তাঁর বিরুদ্ধে আগেই মামলা দায়ের হয়েছিল। সেই মামলাতেই এবার পুলিশ তাঁকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছরের ১৩ আগস্ট এক তরুণী অভিযোগ করেন, নোবেল তাঁকে নিজের স্টুডিওতে আটকে রেখে হেনস্তা করেন এবং আপত্তিকর ছবি তোলেন। এই ঘটনায় তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। সোমবার নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে ডেমরা থানার পুলিশ। পরে আদালতে তোলা হয় গায়ককে।
এর আগেও একাধিক বিতর্কে জড়িয়েছেন নোবেল। নারী সংক্রান্ত অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা, স্ত্রীকে মারধরের মতো অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। একাধিক বিয়ে ও বিচ্ছেদ নিয়েও তিনি খবরের শিরোনামে ছিলেন। তার প্রাক্তন স্ত্রীরাও শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন।
২০২৩ সালে একটি অনুষ্ঠানে গান গাইতে না গিয়েও অগ্রিম টাকা নেওয়ার অভিযোগে মতিঝিল থানায় মামলা হয়। সেই মামলায়ও তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে জামিনে মুক্তি পান তিনি।
এছাড়া সামাজিক মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন নোবেল। সংগীতশিল্পী জেমস-কে নিয়েও আপত্তিকর পোস্ট করেছিলেন বলে অভিযোগ ওঠে।
একসময় গান দিয়ে জনপ্রিয়তা পেলেও, সাম্প্রতিক সময়ে বারবার আইনি জটিলতা ও বিতর্কেই নাম জড়াচ্ছে নোবেলের। এই নতুন মামলার পর তাঁর ভবিষ্যৎ কী দাঁড়ায়, এখন সেদিকেই নজর সবার।