ব্যক্তিগত সমস্যা বা শারীরিক অস্বস্তি—সবকিছুর মধ্যেও কাজ চালিয়ে যেতে হয় শিল্পীদের। সেই পেশাদারিত্বই দেখালেন শ্রীময়ী। পায়ে চোট পেয়েছেন তিনি, রয়েছে ব্যান্ডেজ—তবু নির্ধারিত কল টাইম মেনে পৌঁছে গিয়েছেন শুটিং ফ্লোরে।

শেষ আপডেট: 23 February 2026 17:38
দ্য ওয়াল ব্যুরো: শুটিংয়ের ব্যস্ততা, তাই পায়ে চোট নিয়েও সেটে পৌঁছে গেলেন শ্রীময়ী চট্টোরাজ (Sreemoyee Chattoraj)। ব্যক্তিগত সমস্যা বা শারীরিক অস্বস্তি—সবকিছুর মধ্যেও কাজ চালিয়ে যেতে হয় শিল্পীদের। সেই পেশাদারিত্বই দেখালেন শ্রীময়ী। পায়ে চোট পেয়েছেন তিনি, রয়েছে ব্যান্ডেজ—তবু নির্ধারিত কল টাইম মেনে পৌঁছে গিয়েছেন শুটিং ফ্লোরে।
শ্রীময়ীর পায়ে চোটে
এই মুহূর্তে তিনি অভিনয় করছেন জনপ্রিয় ধারাবাহিক 'মিলন হবে কত দিনে' ধারাবাহিকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন শ্রীময়ী। সেখানে দেখা যায়, চরিত্রের জন্যে তৈরি হয়ে বসে আছেন তিনি। পায়ে প্লাস্টার স্পষ্ট। শুটিংয়ের ফাঁকে সহকর্মীরা তাঁকে ঘিরে আড্ডা দিচ্ছেন। সহ-অভিনেত্রী অলিভিয়া সরকার তাঁর পায়ে মালিশ করে দিচ্ছেন, যাতে একটু আরাম পান। সেই ভালবাসার ছবিই তুলে ধরলেন শ্রীময়ী। আর সেই আড্ডা জমে উঠল ঠাট্টা-মজায়।
কী জানালেন অভিনেত্রী
ভিডিওতে শ্রীময়ী হাসতে হাসতে জানান, সাধারণত শুটিং চলাকালীন ভিডিও করার সময় পাওয়া যায় না। কিন্তু সেদিন সহকর্মীদের যত্ন দেখে না শেয়ার করে থাকতে পারেননি। ক্যামেরা ঘুরতেই ধরা পড়ে সেটের আরও কয়েকজন। কেউ মন দিয়ে সংলাপ ঝালিয়ে নিচ্ছেন, কেউ আবার মেকআপের কাজে ব্যস্ত। হাসি-ঠাট্টার মধ্যেই চলতে থাকে প্রস্তুতি।
বর্তমানে ধারাবাহিকে শ্রীময়ী অভিনয় করছেন সংযুক্তা চরিত্রে, গোরার কাকিমার ভূমিকায়। অন্যদিকে অলিভিয়া রয়েছেন মেঘনা সেনের চরিত্রে। চোট সত্ত্বেও শ্রীময়ীর কাজ নজর কাড়ছে অনুরাগীদের। শারীরিক অস্বস্তি থাকলেও দায়িত্ব থেকে একচুলও সরেননি তিনি, সেই প্রশংসাতেই পঞ্চমুখ সকলে। যদিও শ্রীময়ী নিজের পায়ের চোট প্রসঙ্গে খুব বেশি কিছু বললেন না। তবে এই চোটের জন্য তিনি যে দ্রুত রেডি হয়ে গিয়েছেন, তা সেখানে উপস্থিত সকলেই মজার ছলে ফাঁস করে দিলেন। যদিও হাসি মুখে শ্রীময়ীও সকলের সঙ্গে দিলেন আড্ডা।