তিন বছর পর প্রকাশিত সিধু মুসেওয়ালার অপ্রকাশিত গান ‘বারোতা’।

সিধু মুসেওয়ালার
শেষ আপডেট: 29 November 2025 19:51
দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালের ২৯ মে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেও পাঞ্জাবি গায়ক এবং কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা (Sidhu Moosewala) আজও শ্রোতাদের হৃদয়ে সমান জনপ্রিয়। তাঁর মৃত্যুর এত দিন পরও সেই জনপ্রিয়তা আরও একবার প্রমাণিত হলো তাঁর অপ্রকাশিত গান 'বারোতা' (Barota) মুক্তির মাধ্যমে। অনুরাগীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার গানটির মিউজিক ভিডিও আকারে মুক্তি দেওয়া হয়েছে।
২০২২ সালের মে মাসে দু' ডজনেরও বেশি গুলিতে ঝাঁজরা করে দেওয়া হয়েছিল সিধু মুসেওয়ালাকে। মাথায় গুলি লাগার কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। উল্লেখ্য, নিরাপত্তা প্রত্যাহারের পরের দিনই তিনি খুন হন। ওই বছরই নভেম্বরে প্রেমিকা অমনদীপ কৌরকে বিয়ে করার কথা ছিল সিধুর। কিন্তু তার আগেই জীবনের ছন্দপতন ঘটে।
'বারোতা' গানটির মিউজিক ভিডিও মুক্তির সঙ্গে সঙ্গেই অনুরাগীদের ভালবাসা যেন উপচে পড়েছে। মুক্তির চব্বিশ ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই গানের ভিউজ এক কোটি তিরিশ লক্ষ ছাড়িয়ে গেছে।
দশ লক্ষেরও বেশি মন্তব্যে ভক্তরা প্রিয় গায়ককে অসময়ে হারানোর কষ্ট ব্যক্ত করেছেন। কেউ লিখেছেন, "সিধুর মতো গায়কের গান সবসময় হিট", আবার কেউ বলেছেন, "সিধুর জায়গা কেউ নিতে পারবে না। তাঁর জনপ্রিয়তা চিরকাল একই থাকবে।"
এই মিউজিক ভিডিওতে সিধুর গানের পাশাপাশি অভিনেত্রী সুইতাজ ব্রারের অভিনয়ও নজর কেড়েছে। উল্লেখ্য, এই গানটি কেবল সিধু মুসেওয়ালাই গাননি, এর সঙ্গীত পরিচালনার দায়িত্বও সম্পূর্ণভাবে তাঁরই ছিল।