৪২ বছর বয়সে শুক্রবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শেফালি জারিওয়ালার। আপাতত প্রাথমিকভাবে চিকিৎসকরা সেকথাই জানাচ্ছেন।

শেফালি-সিদ্ধার্থ
শেষ আপডেট: 28 June 2025 13:56
দ্য ওয়াল ব্যুরো: বাইরে ঝমঝম বৃষ্টি, থমথমে আকাশ। এমনই এক দিনে বেলা ১২টা নাগাদ সংবাদ মাধ্যমে খবর এসেছিল সিদ্ধার্থ শুক্লা আর নেই। কার্ডিয়্যাক অ্যারেস্টে মৃত্যু হয়েছে বিগ বস জয়ী অভিনেতার। সেদিন থমকে গেছিল বলিউড। ফিটনেস ফ্রিক শুক্লার মৃত্যু মেনে নিতে পারেনি তাঁর সহকর্মী থেকে অনুগামী, কেউই। অভিনেতার মৃত্যুর তিন বছর হওয়ার আগেই একইভাবে চলে গেলেন তাঁর প্রাক্তন প্রেমিকা শেফালি জারিওয়ালা। বলিউডে কেরিয়ার শুরুর সময় সম্পর্কে ছিলেন তাঁরা।
৪২ বছর বয়সে শুক্রবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শেফালি জারিওয়ালার। আপাতত প্রাথমিকভাবে চিকিৎসকরা সেকথাই জানাচ্ছেন। বলিউডে ফের একবার হৃদ্রোগে তরুণ তারকার মৃত্যুর ঘটনা হতবাক করে দিয়েছে সকলকে। সিদ্ধার্থের অনুগামীরা ঘটনার মিল পাচ্ছেন প্রিয় তারকার মৃত্যুর সঙ্গে।
নতুন করে উঠে আসছে তাঁদের প্রেমের রসায়নও। বিগ বস ১৩-এ সিজন চলাকালীন এন্ট্রি নিয়েছিলেন জারিওয়ালা। একাধিক সময় গোটা হাউস যখন সিদ্ধার্থের বিপরীতে ছিল, তখন তিনি সাপোর্ট করেছিলেন অভিনেতাকে। নিজেদের প্রেম ও সম্পর্ক নিয়ে বেশ কয়েকবার কথাও বলেন। অনেকে প্রশ্ন করেছিলেন সেসময়, অভিনেত্রীর স্বামী পরাগ এই নিয়ে বিরক্ত হন কি না। শেফালি জানিয়েছিলেন, প্রেমের সম্পর্ক না থাকলেও তাঁরা আদতে ভাল বন্ধু। আর সেকথা জানেন পরাগ। তাই এই নিয়ে সম্পর্কে জটিলতা কোনওদিনই তৈরি হয়নি।
তবে শুধু শেফালি বা সিদার্থ নন। সাম্প্রতিক কয়েক বছরে একের পর এক জনপ্রিয় তরুণ অভিনেতা-পরিচালক-গায়ক কার্ডিয়্যাক অ্যারেস্টে প্রাণ হারিয়েছেন। ২০২২ সালে জিমে শরীরচর্চা করার সময় আচমকা মৃত্যু হয় অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশীর। ওই বছরই মাত্র ৪৬ বছরে একইভাবে প্রয়াত হন কর্নাটকের সুপারস্টার পুনীত রাজকুমার।
তালিকায় আরও নাম রয়েছে। অভিনেতা চিরঞ্জীবী সারজা, জনপ্রিয় গায়ক কেকে (কৃষ্ণকুমার কুন্নাথ), এই সকলেই অল্প বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে চলে গিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, এই প্রবণতা যথেষ্ট উদ্বেগজনক। এখনকার প্রজন্মের জীবনযাপন, স্ট্রেস, অনিয়মিত ঘুম, খাওয়ার অভ্যাস এবং অতিরিক্ত পরিশ্রম হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে। বিটি মাইন্ডরাশ ২০২৫-এ খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেট্টি জানিয়েছেন, '৩০-৪০ বছর বয়সিদের মধ্যে যেভাবে হার্ট অ্যাটাকের ঘটনা বাড়ছে, তা সত্যিই চিন্তার। নিয়মিত হেলথ চেক-আপ করলে বহু ঘটনা এড়ানো সম্ভব।'
তিনি আরও বলেছিলেন, 'একবার যদি বোঝা যায়, কার ঝুঁকি বেশি, তাহলে আগেভাগেই চিকিৎসা শুরু করে দেওয়া যায়। হৃদযন্ত্রের সমস্যা এখন বয়স দেখে আসে না।'