ফণীবাবু তাঁর সারা জীবন কাটিয়েছেন সংগ্রামের মধ্যে দিয়ে। সংসারের দায় কাঁধে নিয়ে ধীরে ধীরে গড়ে তুলেছেন জমিজমা, নিজস্ব বাড়ি, সবটাই পরিবারের ভবিষ্যতের কথা ভেবে।
_4.jpg.webp)
শেষ আপডেট: 16 January 2026 15:45
দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ একগুচ্ছ ছবি যেখানে মুক্তির অপেক্ষায়, সেখানে টলিপাড়ায় আবারও পর্দায় নয়া সমীকরণ, কাঞ্চন মল্লিক-খরাজ মুখোপাধ্যায় জুটি এবার পর্দায় ঝড় তুলতে চলেচে। এক ভিন্নস্বাদের গল্পে। ভিন্নস্বাদের চরিত্রে। নতুন চরিত্র হয়ে ফের দর্শকের সামনে আসছেন অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়। তবে এবার চমক সোশ্যাল মিডিয়ার সেনসেশন। এই ছবিতে তাঁর সঙ্গে রোম্যান্টিক জুটিতে দেখা যাবে অভিনেত্রী রোশনি ভট্টাচার্যকে। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজু মজুমদার। সমসাময়িক সমাজ আর বদলে যাওয়া গ্রামীণ জীবনের গল্পকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এই ছবি, নাম ‘ফণীবাবু ভাইরাল’।
শুভাশিস মুখোপাধ্যায়ের পাশাপাশি ছবিতে থাকছেন, খরাজ মুখার্জী, কাঞ্চন মল্লিক, সঞ্জীব মুখার্জী, মনীশ চক্রবর্তী, তমালি দে মজুমদার, অনিন্দিতা ভদ্র, দ্বীপান্বিতা নাথ, মন্টু মল্লিক, রানা পাল, সমীর কুন্ডু, প্রবীর দত্ত, দেবাশিষ গঙ্গোপাধ্যায়, অচ্যিন্ত দত্ত এরকম আরও অনেকে।
পরিচালক রাজু মজুমদার জানান, ছবির পটভূমি আজকের আধুনিক গ্রাম। প্রযুক্তির ছোঁয়ায় যেখানে বদলে যাচ্ছে মানুষের জীবন, আর মুঠোফোন হয়ে উঠেছে নিত্যসঙ্গী। সেই গ্রামেই থাকেন আশির কোঠার বৃদ্ধ ফণী ঘোষ ও তাঁর স্ত্রী সুন্দরী। পরিবার, প্রতিবেশী ও চারপাশের মানুষের সঙ্গে তাঁদের সম্পর্কের টানাপড়েনই ছবির মূল উপজীব্য।
ফণীবাবু তাঁর সারা জীবন কাটিয়েছেন সংগ্রামের মধ্যে দিয়ে। সংসারের দায় কাঁধে নিয়ে ধীরে ধীরে গড়ে তুলেছেন জমিজমা, নিজস্ব বাড়ি, সবটাই পরিবারের ভবিষ্যতের কথা ভেবে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর সেই অবদানই এক সময় চোখে পড়ে না কারও। বরং পরিবার ও সমাজের কাছে তিনি হয়ে ওঠেন বোঝা।
এই অবহেলার মাঝেই হঠাৎ একদিন আমূল বদলে যায় ফণীবাবুর জীবন। রাতারাতি তিনি হয়ে ওঠেন সোশ্যাল মিডিয়ার সেনসেশন—একজন ‘ভাইরাল স্টার’। অতীত ও বর্তমান, বাস্তব জীবন আর রিল দুনিয়ার সংঘাত ও মেলবন্ধনকে মজার ছলে তুলে ধরবে এই ছবি।
‘ফণীবাবু ভাইরাল’-এর সঙ্গীত পরিচালনা করেছেন সমীধ মুখোপাধ্যায় ও দেবদীপ মুখোপাধ্যায়। গানে কণ্ঠ দিয়েছেন রূপঙ্কর বাগচী, উর্ভি মুখোপাধ্যায়, পৌষালী বন্দ্যোপাধ্যায় এবং সমীধ মুখোপাধ্যায়। অভিনয়ে আরও দেখা যাবে খরাজ মুখোপাধ্যায় ও কাঞ্চন মল্লিকের মতো পরিচিত মুখ।
উল্লেখযোগ্য বিষয়, পরিচালক রাজু মজুমদার লকডাউনের সময় থেকেই এই ছবির চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করেছিলেন। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেই ভাবনাই রূপ নিতে চলেছে বড়পর্দায়।