থিয়েটারের মঞ্চে দাঁড়িয়ে যে মেয়েটি একসময় আলো কুড়িয়েছিলেন, পরপর ক্যামেরার সামনে নিজের জায়গা তৈরি করেছিলেন, আজ সেই বিনিতা গুহ জীবনের অন্য এক অধ্যায়ে পৌঁছে গেছেন।

বিনিতা গুহ।
শেষ আপডেট: 17 November 2025 16:53
দ্য ওয়াল ব্যুরো: থিয়েটারের মঞ্চে দাঁড়িয়ে যে মেয়েটি একসময় আলো কুড়িয়েছিলেন, পরপর ক্যামেরার সামনে নিজের জায়গা তৈরি করেছিলেন, আজ সেই বিনিতা গুহ জীবনের অন্য এক অধ্যায়ে পৌঁছে গেছেন। দীর্ঘ পথ চলার গল্প আছে তাঁর— ‘নাম নেই’ থিয়েটার গ্রুপে ২০১৬ থেকে ২০১৯, মঞ্চই ছিল তখন তাঁর প্রথম প্রেম। ২০১৯ থেকে ২০২২ ইউটিউবে ‘কলকাতা টক ঝাল মিষ্টি’-এর অ্যাঙ্করিং করে মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন।
একই বছর চন্দ্রোদয় পাল পরিচালিত ‘বিয়ের বিভ্রাট’-এ কাজ, ২০২০-এ ‘সানরাইজ পিওর’ মশলার বিজ্ঞাপন, ২০২১-এ জি অরিজিনাল ফিচার ফিল্ম নির্বাণ ধামে জোড়া খুন— একে একে ক্যারিয়ারের দরজা খুলছিল সামনে।
২০২১ সালেই এসে যায় একগুচ্ছ কাজ— প্রেমেন্দু বিকাশ চাকীর ‘পাকা দেখা’, সোনি মিউজিকের ভিডিও মিলন হবে কত দিনে, ওয়েব সিরিজ নিসিদ্ধতে মুখ্য চরিত্র, ‘লালু সং’-এ লিড ডান্সার— সব মিলিয়ে বিনিতা তখন টলিপাড়ার পরিচিত মুখ। মেগা সিরিয়াল নবাব নন্দিনীতে ‘মেজো বৌ নীলিমা’র চরিত্রে পুরো সিরিয়াল জুড়ে অভিনয় করে আরও দাগ কাটেন তিনি।
২০২৩-এ প্রেমেন্দু বিকাশ চাকীর পরিচালিত লাভ ম্যারেজ ফিচার ফিল্মে আবার অভিনয়, তারপর উৎসব রায়ের ‘এ রাইড ইন ট্রেন’-এ প্রোটাগনিস্ট চরিত্র, যা কেবল প্রশংসাই নয়, জায়গা করে নিয়েছিল KIFF-এর পর্দাতেও।
ঠিক তারপরের বছর রূপকলা কেন্দ্রের ছাত্রদের কর্মশালার মিউজিক ভিডিও ‘কেন’তে, ডিওপি শুভঙ্কর ভরের নেতৃত্বে। পাশাপাশি অভিনয় করেন আকাশ ৮ চ্যানেলের মেগা সিরিয়াল ‘অনুরাধা’তে— নায়কের প্রথম স্ত্রী ‘মমতা’র চরিত্রে। এর মধ্যেই শর্ট ফিল্ম, ফিচার ফিল্ম— একাধিক কাজ করেছিলেন তিনি। এমনকি ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ছবি ‘গৃহপ্রবেশ’-এও ছিল তাঁর নাম।
কিন্তু হঠাৎ যেন সব উলটে গেল। অভিনয়ের মতো অনিশ্চিত জগতে নির্ভরতার মাটি একদিন থমকে দাঁড়াল। কাজের চাকা ধীরে ধীরে থেমে যেতে লাগল। বিনিতা নিজেই বলেন, “দ্বিধা নেই বলতে— সত্যিই কাজ পাচ্ছি না। অভিনয় করে সংসার চালানো আর হচ্ছে না। কারও সঙ্গে কথা বলেছি, চেষ্টা করেছি, কিন্তু কিছুই নিশ্চয়তা দিচ্ছে না।”
![]() | ![]() |
জীবনের ঠিক এমন সন্ধিক্ষণে এসে তিনি বেছে নিলেন ভিন্ন পথ— আতর বিক্রি করা। এক আত্মীয় ‘আদর’ নামে আতর তৈরি করেন, সেখান থেকেই ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন বিনিতা। সাত রকম আলাদা সুগন্ধি নিয়ে ‘আদর’— নামটি যেন তাঁর নিজের জীবনদর্শনের মতোই। দাম দু’-আড়াইশোর মধ্যে, সাধারণ মানুষের নাগালের মধ্যেই। নিজের ফেসবুক থেকেই তিনি শুরু করেছেন প্রচার।
খারাপ লাগা আছে, আক্ষেপও আছে, শুভশ্রীর সহ-অভিনেত্রী হয়েও টলিউডে আজ তাঁর হাতে কাজ নেই। তবু মনখারাপের মধ্যেও এক আশ্চর্য দৃঢ়তা আছে বিনিতার। হাসিমুখেই বলেন, “ফেসবুক পোস্টের পর অনেকেই জানতে চাইছেন, কিনছেনও। যদি ঠিক মতো এগোই, সুবিধে হবেই। আসলে কোনও কাজই ছোট নয়।”
![]() | ![]() |
জীবনের পর্দায় এই মুহূর্তে হয়তো তিনি আলোর কেন্দ্রবিন্দুতে নেই, কিন্তু লড়াইয়ের দৃশ্যে বিনিতা গুহ নায়িকা— নিজের জেদ, নিজের পরিশ্রম, নিজের অস্তিত্বকে আঁকড়ে ধরে এগিয়ে চলেছেন নিঃশব্দে।