ইনস্টাগ্রামে বাসের ছবি ও গাড়ির ক্ষতির ছবি পোস্ট করে শিল্পা জানান, বাস কোম্পানির মালিকরা কোনও দায় নিতে রাজি নন। বরং তারা দোষ চাপাচ্ছেন চালকের উপর।

শেষ আপডেট: 14 August 2025 18:17
দ্য ওয়াল ব্যুরো: নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী শিল্পা শিরোদকর হঠাৎই শিরোনামে। কারণ, মুম্বইয়ে তাঁর গাড়িতে ধাক্কা মারে একটি সিটি ফ্লো বাস। সৌভাগ্যক্রমে শিল্পা ও তাঁর স্টাফের কারও আঘাত লাগেনি, কিন্তু ঘটনায় ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে বাসের ছবি ও গাড়ির ক্ষতির ছবি পোস্ট করে শিল্পা জানান, বাস কোম্পানির মালিকরা কোনও দায় নিতে রাজি নন। বরং তারা দোষ চাপাচ্ছেন চালকের উপর। পোস্টে লিখেছেন, “একটি সিটি ফ্লো বাস আজ আমার গাড়িতে ধাক্কা দিয়েছে। মুম্বই অফিসের প্রতিনিধিরা বলছেন, এটা কোম্পানির দায় নয়, চালকের দায়। কতটা নির্মম হতে পারে এরা! চালকেরই বা কত রোজগার!”
শিল্পা জানান, তিনি ইতিমধ্যেই পুলিশে অভিযোগ জানিয়েছেন। মুম্বই পুলিশকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “অভিযোগ দায়ের করতে কোনও সমস্যায় পড়তে হয়নি। কিন্তু কোম্পানি এখনও দায় স্বীকার করেনি। ধন্যবাদ, আমার স্টাফ ঠিক আছে, কিন্তু যে কোনও কিছু ঘটতে পারত।”
নব্বইয়ের দশকে 'ত্রিনেত্র', 'হম', 'খুদা গওয়া', 'আঁখে'—একাধিক ছবিতে নজর কেড়েছিলেন শিল্পা। ২০০০ সালে সাফল্যের শীর্ষে থাকাকালীনই বিয়ে করে অভিনয় ছেড়ে দেন। স্বামী ব্রিটেনের ব্যাংকার অপরেশ রঞ্জিতের সঙ্গে সংসার শুরু করেন। দীর্ঘ ১৩ বছরের বিরতির পর ২০১৩-তে এক মুঠি আসমান ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে কামব্যাক করেন।
বাস দুর্ঘটনা নিয়ে এখন শিল্পার পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, অনেকেই তাঁর পাশে দাঁড়িয়ে কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।