বিতর্ক যেন গায়ক নোবেলের নিত্যসঙ্গী। কখনও রবীন্দ্রনাথকে নিয়ে মন্তব্য, কখনও আবার মঞ্চে অপ্রস্তুত আচরণ কিংবা অতিরিক্ত নেশার কারণে তিনি শিরোনামে এসেছেন বহুবার।

গায়ক নোবেল
শেষ আপডেট: 21 May 2025 16:42
দ্য ওয়াল ব্যুরো: বিতর্ক যেন গায়ক নোবেলের নিত্যসঙ্গী। কখনও রবীন্দ্রনাথকে নিয়ে মন্তব্য, কখনও আবার মঞ্চে অপ্রস্তুত আচরণ কিংবা অতিরিক্ত নেশার কারণে তিনি শিরোনামে এসেছেন বহুবার। আট মাস আগে নেশা-মুক্তি কেন্দ্রে ভর্তি হয়ে নিজেই জানিয়েছিলেন, তিনি সুস্থ জীবনের পথে ফিরছেন। তবে সে পথ যেন বেশিদিন স্থায়ী হল না।
সোমবার রাতে আবারও গ্রেফতার হলেন সারেগামাপা খ্যাত এই গায়ক। বাংলাদেশের ডেমরা থানা পুলিশ তাঁকে আটক করে, এক তরুণীকে ৭ মাস ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগে। অভিযোগকারিণী নিজেই ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের কাছে সাহায্য চেয়েছিলেন। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে ও নোবেলের বিরুদ্ধে মামলা রুজু করে।
তবে মঙ্গলবার চিত্র বদলে যায়। ২১ মে আদালতে তোলা হলে নোবেলের আইনজীবী দাবি করেন, অভিযোগকারিণী আসলে নোবেলের স্ত্রী। তাঁদের দাম্পত্য জীবনে সামান্য ভুল বোঝাবুঝির জেরেই তরুণী পুলিশের দ্বারস্থ হন বলে দাবি। সেই সঙ্গে আরও জানানো হয়, তরুণী এখন চার মাসের অন্তঃসত্ত্বা এবং নোবেল সংসার করতে আগ্রহী।
আদালত অবশ্য এই দাবিকে গুরুত্ব দেওয়ার আগে কাবিননামা দেখতে চান। কিন্তু নোবেলের আইনজীবী তা পেশ করতে পারেননি। তাঁর দাবি, তাড়াহুড়োয় কাবিননামা আনতে ভুলে গেছেন তিনি। ফলে আদালত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি।
এই পুরো ঘটনায় এখনও পর্যন্ত নির্যাতিতার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশিত হয়নি। তবে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বর মাসে অভিযুক্ত তরুণীর সঙ্গে প্রথম দেখা হয় নোবেলের। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে বাড়িতে নিয়ে যান এবং সেখানেই দীর্ঘদিন আটকে রাখেন বলে অভিযোগ। এমনকি সেই সময় যৌন নির্যাতনের ভিডিও রেকর্ড করেন, যা দেখিয়ে বারবার ব্ল্যাকমেল করা হচ্ছিল বলেও অভিযোগ উঠেছে।