Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

'একটা ছোট্ট মেয়ে আসুক কোলে,' শেষ ইচ্ছে ছিল শেফালির, পূরণ করার আর সময় পেলেন না পরাগ

পরাগ ত্যাগীর সঙ্গে ১১ বছরের দাম্পত্য ছিল শেফালির। সেনিয়ে তিনি ওই সাক্ষাৎকারে জানান, দাম্পত্যের ৪-৫ বছর পর থেকেই সন্তান নিয়ে প্রশ্ন আসতে শুরু করে চারপাশ থেকে।

'একটা ছোট্ট মেয়ে আসুক কোলে,' শেষ ইচ্ছে ছিল শেফালির, পূরণ করার আর সময় পেলেন না পরাগ

পরাগ-শেফালি (ফাইল ছবি)

শেষ আপডেট: 29 June 2025 11:27

দ্য ওয়াল ব্যুরো: চেয়েছিলেন কন্যা সন্তানের মা হতে তাই দত্তক নেওয়ার স্বপ্ন দেখেছিলেন মনে মনে। বহু বছর সেই স্বপ্নকে নিয়েই এগোচ্ছিলেন। হয়তো কোনওদিন স্বপ্ন পূরণ হত। কিন্তু সেই সুযোগ আর হল কোথায়। অকালে চলে গেলেন শেফালি জারিওয়ালা। চিকিৎসকদের অনুমান, কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয়েছে অভিনেত্রীর।

২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন শেফালি। পরে ‘নাচ বালিয়ে’ এবং ‘বিগ বস ১৩’-র সৌজন্যে আবারও খবরের শিরোনামে এসেছিলেন। কিন্তু গ্ল্যামারের আলোর বাইরে, এক অন্য শেফালির স্বপ্ন ছিল, মা হওয়ার। তবে না, নিজের সন্তান প্রসব করে নয়, এক অবাঞ্ছিত শিশুকে আশ্রয় দিয়ে।

দ্য ওয়াল কীভাবে জানল শেফালির এই ইচ্ছের কথা? ২০২০ সালের একটি সাক্ষাৎকার থেকে। যেখানে শেফালি জানিয়েছিলেন, তাঁর যখন ১০-১২ বছর বয়স, একটু বড় হয়েছেন, তখনই মন কেঁদে উঠত সমাজের বঞ্চিত শ্রেণির শিশুদের দেখে। তখনই তিনি স্থির করেন, এমন কোনও পথ শিশুকেই মা বলার অধিকার দেবেন তিনি। দেবেন নিজের সবটা উজার করে।

ওই সাক্ষাৎকারেই শেফালি বলেন, 'আমার নিজের সন্তান জন্ম দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু দত্তক নেওয়ার সিদ্ধান্তটা ছিল আমার ব্যক্তিগত ও মানসিক অভিপ্রায় থেকে। আমাদের সংস্কৃতিতে দত্তক নেওয়ার ভাবনাটা এখনও একটা ট্যাবু। অনেকে ভাবে এটা শুধু তাঁদের জন্য, যাঁরা সন্তান জন্ম দিতে অক্ষম। আমি ও পরাগ সন্তান নিতে পারি, কিন্তু আমি দত্তকই নিতে চেয়েছিলাম।'

পরাগ ত্যাগীর সঙ্গে ১১ বছরের দাম্পত্য ছিল শেফালির। সেনিয়ে তিনি ওই সাক্ষাৎকারে জানান, দাম্পত্যের ৪-৫ বছর পর থেকেই সন্তান নিয়ে প্রশ্ন আসতে শুরু করে চারপাশ থেকে। আর দত্তক নেওয়ার ইচ্ছেটা বাড়তে থাকে তাঁর।

তবে এমন একটি বড় সিদ্ধান্তে পরাগের মত নেওয়া জরুরি ছিল বলে জানিয়ে শেফালির দাবি, 'বিগ বসের ঘর থেকে ফেরার পর আমরা বিষয়টি নিয়ে খোলাখুলি আলোচনা করি। পরাগের পরিবার পাশে ছিল, আমার পরিবার একটু সময় নিয়েছে মানিয়ে নিতে। কিন্তু আমরা সত্যিই প্রস্তুত ছিলাম।'

২০২০ সালে জানিয়েছিলেন এই ইচ্ছের কথা। পাঁচ বছরেও কেন পূরণ করতে পারলেন না অভিনেত্রী? আসলে ভারতে দত্তক নেওয়ার প্রক্রিয়া বেশ জটিল ও সময়সাপেক্ষ। হয়তো সেকারণেই আর হয়ে ওঠেনি।

শেফালিকে শুক্রবার গভীর রাতে বেলভিউ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। শনিবার সন্ধেয় ওশিওয়ারা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। স্ত্রীর শেষকৃত্যের সময় বারবার ভেঙে পড়তে দেখা যায় পরাগকে। কান্নায় ভেঙে পড়েন শেফালির মা-ও।

বাড়িতে তাঁকে শেষবার দেখার জন্য উপস্থিত হয়েছিলেন টেলিভিশন জগতের বহু তারকা। এসেছিলেন আরতি সিং, রেশমি দেশাই, মাহিরা শর্মা, সুনিধি চৌহান, শেহনাজ গিল, বিকাশ গুপ্ত, হিন্দুস্তানি ভাউ, পরাস ছাবড়া-সহ অনেকে।
 


```