মাত্র ৪২ বছর বয়সে শুক্রবার রাতে মুম্বইয়ে প্রয়াত হন তিনি। স্বামী পরাগ ত্যাগী তাঁকে বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

শেষ আপডেট: 28 June 2025 19:32
দ্য ওয়াল ব্যুরো: আর দেখা হবে না তাঁদের। আর কথা হবে না। ফুলের শয্যায় শেষবিদায় জানানো হল শেফালি জরিওয়ালাকে। হাজির ছিলেন বলিউডের অনেকেই। হাজির ছিলেন অভিনেত্রীর স্বামী পরাগ ত্যাগীও। শেফালির দেহের সামনে বসে ক্রমাগত কেঁদে চলেছিলেন পরাগ ও অভিনেত্রীর মা। এক পর্যায়ে তাঁর গালে, সিঁথিতে আদর করতেও দেখা যায় তাঁকে। কপালে চুমু খেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। মুখে হাত দিয়ে ঠায় অপেক্ষা করতে থাকেন সব কিছু 'ঠিক' হয়ে যাওয়ার।
মাত্র ৪২ বছর বয়সে শুক্রবার রাতে মুম্বইয়ে প্রয়াত হন তিনি। স্বামী পরাগ ত্যাগী তাঁকে বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর পরেই ময়নাতদন্তের জন্য শেফালির দেহ নিয়ে যাওয়া হয় কুপার হাসপাতালে। ঘটনার আকস্মিকতায় বিধ্বস্ত বলিউড। কী করে এমনটা হতে পারে? প্রশ্ন সব মহলেই।
শেফালির মৃত্যুর কারণ এখনও পরিষ্কার নয়। পুলিশ জানায়, শুক্রবার রাত ১টা নাগাদ অন্ধেরি-র বাড়ি থেকে খবর পান তারা। সঙ্গে সঙ্গেই পুলিশ এবং ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছয়। জিজ্ঞাসাবাদ করা হয়েছে বাড়ির রান্নার লোক এবং পরিচারিকাকে। প্রাথমিক ভাবে মৃত্যুর কারণ হার্টফেল বলে শোনা গেলেও প্রকাশ করা হয়নি ময়নাতদন্তের রিপোর্ট।
২০০২ সালে 'কাঁটা লাগা' গানের রিমিক্স দিয়ে রাতারাতি তারকা হয়ে যান শেফালি জরিওয়ালা । তারপর ‘মুঝসে শাদি করোগি’ ছবিতেও কাজ করেন। পরবর্তীতে রিয়্যালিটি শো 'নচ বলিয়ে' এবং ‘বিগ বস ১৩’-এ দেখা যায় তাঁকে। জীবনের মঞ্চে তাঁর লাইট ক্যামেরা অ্যাকশন বন্ধ হয়ে গেল হঠাৎ করেই।