কাপুর পরিবারের সদস্য শানায়া কাপুর প্রকাশ্যে আনলেন ব্যক্তিগত জীবনের তিক্ত অভিজ্ঞতা।

শানায়া কাপুর
শেষ আপডেট: 13 February 2026 17:44
দ্য ওয়াল ব্যুরো: কাপুর পরিবারের নতুন প্রজন্মের অন্যতম পরিচিত মুখ শানায়া কাপুর (Shanaya Kapoor)। বলিউড অভিনেতা সঞ্জয় কাপুর ও মাহিপ কাপুর-এর মেয়ে তিনি। বড় পর্দায় আনুষ্ঠানিক অভিষেক এখনও হয়নি, তবু ফ্যাশন সেন্স এবং সোশ্যাল মিডিয়ায় উপস্থিতির জোরেই ইতিমধ্যেই তরুণ প্রজন্মের মধ্যে আলাদা জনপ্রিয়তা তৈরি করেছেন শানায়া। কিন্তু গ্ল্যামারের আড়ালে লুকিয়ে ছিল এক তিক্ত ব্যক্তিগত অভিজ্ঞতা, যা সম্প্রতি নিজেই সামনে এনেছেন তিনি।
এক সাক্ষাৎকারে জাহ্নবী ও সোনমদের তুতো বোন শানায়া নিজের অতীত সম্পর্কের কথা বলতে গিয়ে জানান, তাঁর প্রাক্তন প্রেমিকের কাছ থেকে বড়সড় প্রতারণার শিকার হয়েছিলেন তিনি। একটি ছুটির সফরে গিয়ে সেই প্রেমিক নাকি শুধু একজন নয়, মোট পাঁচ জন মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। বিষয়টি সামনে আসতেই ভেঙে পড়েন শানায়া। এমন বিশ্বাসঘাতকতার ঘটনায় তিনি যেমন বিস্মিত হয়েছিলেন, তেমনই মানসিকভাবে গভীর আঘাতও পেয়েছিলেন। তবে সেই রহস্যময় প্রাক্তনের নাম এখনও প্রকাশ্যে আনেননি তিনি।
শানায়ার এই স্বীকারোক্তির পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। কেউ তাঁর খোলামেলা স্বীকারোক্তির সাহসের প্রশংসা করছেন, আবার কেউ কৌতূহলী— কে সেই ব্যক্তি, যিনি কাপুর পরিবারের কন্যার বিশ্বাস ভাঙলেন? বিটাউনের অন্দরে ঘুরছে নানা প্রশ্ন, যদিও নির্দিষ্ট কোনও নাম এখনও সামনে আসেনি।
এদিকে ব্যক্তিগত জীবনের এই ঝড় সামলে শানায়া এখন পুরোপুরি মন দিয়েছেন নিজের কেরিয়ারে। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে, প্রযোজক-পরিচালক কর্ণ জোহর-এর প্রযোজনা সংস্থার হাত ধরেই তাঁর বলিউডে অভিষেক হওয়ার কথা। পাশাপাশি দক্ষিণী ছবিতেও পা রাখার প্রস্তুতি নিচ্ছেন তিনি।