‘ও রোমিয়ো’-তে হুসেন উস্তরাকে গ্যাংস্টার হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ।

‘ও রোমিয়ো’
শেষ আপডেট: 3 February 2026 17:44
দ্য ওয়াল ব্যুরো: শাহিদ কাপুরের (Shahid Kapoor) আসন্ন ছবি ‘ও রোমিয়ো’-র (O Romeo) ঝলক ও গান ইতিমধ্যেই দর্শকের নজর কেড়েছে। এই ছবিতে নাকি কুখ্যাত গ্যাংস্টার হুসেন উস্তরার চরিত্রে অভিনয় করছেন শাহিদ। আর এই বিষয়টি ঘিরেই শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছেন হুসেন উস্তরার কন্যা সনোবর শেখ। এবার সেই আপত্তি আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে ছবিটির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার দাবি জানালেন তিনি। এই বিষয়ে মুম্বই আদালতের দ্বারস্থ হয়েছেন হুসেন-কন্যা।
আদালতে দাখিল করা আবেদনে সনোবর শেখের অভিযোগ, তাঁর বাবার চরিত্রকে ছবিতে সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকরভাবে তুলে ধরা হয়েছে। তাঁর দাবি, কোনও রকম অনুমতি না নিয়েই হুসেন উস্তরার জীবনের উপর ভিত্তি করে এই ছবি তৈরি করা হয়েছে। সনোবরের অভিযোগ অনুযায়ী, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এবং পরিচালক বিশাল ভরদ্বাজ তাঁদের পরিবারের অনুমতি ছাড়াই এই বায়োপিক তৈরি করেছেন, শুধুমাত্র আর্থিক লাভের উদ্দেশ্যে।
ছবিতে হুসেন উস্তরাকে গ্যাংস্টার হিসেবে দেখানো হয়েছে, যা পরিবারের সদস্যদের পাশাপাশি শিশুদের উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে দাবি সনোবরের। তাঁর বক্তব্য, “এই ছবি যেভাবে দেখানো হবে, তা গুরুতরভাবে পরিবারের সদস্যদের উপর প্রভাব ফেলতে পারে।” তিনি আরও বলেন, এক সময় মুম্বইয়ে অপরাধ দমনে নিয়মিত পুলিশকে সাহায্য করতেন হুসেন উস্তরা। অথচ তাঁকে নেতিবাচক চরিত্রে দেখানো হচ্ছে, যা তাঁর বাবার ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে।
প্রসঙ্গত, গত মাসেই ছবির নির্মাতাদের একটি আইনি নোটিস পাঠিয়েছিলেন সনোবর শেখ। সেই সঙ্গে তিনি ২ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছিলেন। এক সাক্ষাৎকারে সনোবর জানিয়েছিলেন, “‘ও রোমিয়ো’ আমার বাবাকে নিয়ে তৈরি ছবি।
ঝলকেই বলা হয়েছে, এটি সত্য ঘটনা অবলম্বনে। আমি নির্মাতাদের কাছে জানতে চাই, কার জীবনের গল্প তাঁরা দেখাতে চান? আমার বাবা তো গ্যাংস্টার ছিলেন না। হুসেন উস্তরা বহু মানুষকে সাহায্য করেছেন। তিনি গ্যাংস্টারদের দূর করে শহর পরিষ্কার করতে চেয়েছিলেন। উনি কোনও অপরাধী ছিলেন না। কোনও অপরাধের রেকর্ডও পাওয়া যাবে না। ছবিতে যেভাবে তাঁকে দেখানো হচ্ছে, সেটাই আমার মূল আপত্তি।”
এই অভিযোগের প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, তবে কি সত্যিই নির্মাতারা অনুমতি নেননি? এই বিষয়ে পরিচালক বিশাল ভরদ্বাজ জানিয়েছেন, ছবিটি কোনও ব্যক্তিগত জীবনী নয়। তাঁর বক্তব্য অনুযায়ী, ‘ও রোমিয়ো’ তৈরি হয়েছে ‘মাফিয়া কুইন্স অফ মুম্বই’ নামে একটি বইয়ের উপর ভিত্তি করে, যা লিখেছেন হুসেন জ়ৈদি। পরিচালকের দাবি, বইটি লেখার আগে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল, তাই ছবির ক্ষেত্রেও আলাদা করে অনুমতির প্রয়োজন বলে তাঁরা মনে করেননি।