জন্মদিনের আগে টুইটারে #AskSRK সেশনে ভক্তদের সঙ্গে মেতে উঠলেন শাহরুখ খান। কটূক্তির জবাবে ব্যঙ্গাত্মক কিন্তু মজাদার প্রতিক্রিয়ায় মুগ্ধ নেটপাড়া।

শাহরুখ খান
শেষ আপডেট: 31 October 2025 12:19
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ‘রোম্যান্স কিং’ এবারও প্রমাণ করলেন, কটাক্ষের জবাব দিতে তিনিই সেরা। জন্মদিনের আগেই টুইটারে ভক্তদের সঙ্গে সরাসরি আলাপে মাতলেন শাহরুখ খান। বৃহস্পতিবার আয়োজন করেছিলেন তাঁর জনপ্রিয় #AskSRK সেশন, যেখানে প্রশ্ন ছিল রাশি রাশি, আর সেই সবের উত্তর দিতেই হাজির ছিলেন ‘কিং খান’।
অধিকাংশ প্রশ্নে ছিল ভালোবাসার ছোঁয়া, তবে কিছু মন্তব্যে ছিল হালকা কটূক্তির আভাসও। কিন্তু সমালোচকদের উত্তর দিতে সিদ্ধহস্ত শাহরুখ সেখানেও দেখালেন তাঁর রসবোধ। এক ব্যবহারকারী খানিক উসকানিমূলক ভঙ্গিতে লিখলেন, “ভাই, আপনার কোনও প্রতিভা নেই না আপনাকে দেখতে ভাল, তাহলে কীভাবে তারকা হলেন? আমার চেহারা আপনার চেয়ে ভাল, কিন্তু কেউ আমাকে চিনতে পারে না।”
শাহরুখের জবাব, “ভাই, চেহারা ঠিক আছে, সেটা বুঝলাম। কিন্তু বুদ্ধি সেটা আছে কি?” এই এক বাক্যেই নেটিজেনরা হেসে লুটোপুটি।
আরেকজন প্রশ্ন তুললেন, কেন তিনি সবসময় কমার্শিয়াল সিনেমাতেই কাজ করেন, অন্য ধারার ছবি করেন না কেন। শাহরুখের জবাব ছিল রসিকতায় ভরা। “কী করবেন... আমি কোনও গোয়েন্দা এজেন্ট নই, আমি প্রেম আর বিনোদনের জন্যই তৈরি হয়েছি। আর হ্যাঁ, প্রকৃত বুদ্ধি সেটাই যা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। সামান্য স্পর্শের মতো।”
এদিনের সেশনে ভক্তদের অন্যতম প্রধান প্রশ্ন ছিল শাহরুখের পরবর্তী ছবিকে ঘিরে। সবাই জানেন, ছবির নাম ‘কিং’। কিন্তু নায়ক যেন খানিক ধোঁয়াশা তৈরি করলেন। এক অনুরাগী তাঁকে টিজার পাঠানোর অনুরোধ করতেই শাহরুখের উত্তর, “শিরোনামটি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি... আর তুমি ইতিমধ্যেই টিজার চাইছো?” এ উত্তরেই নতুন গুঞ্জন শুরু। তবে কি শেষ মুহূর্তে বদলে যাচ্ছে ছবির নাম?
২ নভেম্বর, শাহরুখ খানের ৬০তম জন্মদিন। বয়স যেন শুধুই সংখ্যার খেলা। আজও সেই ‘রাজ’ বা ‘রাহুল’-এর মতোই কোটি ভক্তের হৃদয়ে রাজত্ব করছেন তিনি। অনেকে অনুরোধ করেছেন, অন্তত জন্মদিনের দিনেই যেন ঘোষণা করেন নতুন ছবির নাম।
‘প্যায়ার দোস্তি হ্যায়’ থেকে ‘জওয়ান’। প্রেম, অ্যাকশন আর রসবোধ, সবেতেই সমান পারদর্শী কিং খান আবারও প্রমাণ করলেন, তিনি শুধু অভিনেতা নন, তিনি এক অনুভূতি। আর সেই অনুভূতি আবারও ছড়িয়ে দিল তাঁর এক ব্যঙ্গাত্মক, তবু স্নেহমাখা #AskSRK সেশনে।