পরিচালক তরুণ মনসুখানি তাঁর আসন্ন ছবি ‘হাউসফুল ৫’-এর মুক্তির প্রহর গুনছেন। তার মাঝেই এক সাক্ষাৎকারে ফিরে গেলেন কেরিয়ারের শুরুর দিনে, যখন সহকারী পরিচালক হিসেবে একাধিক ছবিতে কাজ করেছিলেন শাহরুখ খানের সঙ্গে।

শাহরুখ খান
শেষ আপডেট: 5 June 2025 18:32
দ্য ওয়াল ব্যুরো: পরিচালক তরুণ মনসুখানি তাঁর আসন্ন ছবি ‘হাউসফুল ৫’-এর মুক্তির প্রহর গুনছেন। তার মাঝেই এক সাক্ষাৎকারে ফিরে গেলেন কেরিয়ারের শুরুর দিনে, যখন সহকারী পরিচালক হিসেবে একাধিক ছবিতে কাজ করেছিলেন শাহরুখ খানের সঙ্গে। তিনি জানালেন, কিং খানের থেকে পাওয়া একটি পরামর্শ আজও তাঁর পরিচালনার রীতিকে প্রভাবিত করে।
গালাট্টা ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তরুণ বলেন, “‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘কাল হো না হো’, ‘কভি আলবিদা না কহেনা’—এই সব ছবিতে কাজ করার সময় আমি শাহরুখের কাছ থেকে শিখেছি শৃঙ্খলা, সহানুভূতি আর দলগত মনোভাব কাকে বলে।”
তিনি বলেন, “আমি নিজে দেখেছি বৃষ্টি নামলে শাহরুখ নিজেই চেয়ারের ব্যবস্থা করতেন, শুটিং গুটিয়ে নিতে সাহায্য করতেন। যেন তিনি শুধুই এক সহকারী পরিচালক! সবসময় দলের সঙ্গে থাকতেন, রসিকতা করতেন, শেখাতেন।”
তরুণের মতে, শাহরুখের একটা পরামর্শ আজও তাঁর মনে গেঁথে রয়েছে। সেটি হল: “ফিল্মমেকিং মানে শুধু ক্যামেরা বসানো নয়। সেটা তো মাত্র এক শতাংশ। বাকি নিরানব্বই শতাংশ কাজ হল মানুষকে পরিচালনা করা।” তরুণ বলেন, “এই কথাটাই আমার পরিচালনার নিয়মে পরিণত হয়েছে। সবসময় মাথায় রাখি।”
‘হাউসফুল ৫’ ছবিটি পরিচালনা করছেন তরুণ মনসুখানি। ছবিতে রয়েছেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, সঞ্জয় দত্ত, ফারদিন খান, শ্রেয়াস তালপাড়ে, নানা পাটেকর, জ্যাকি শ্রফ, ডিনো মোরিয়া, জ্যাকলিন ফার্নান্দেজ, নার্গিস ফাখরি, চিত্রাঙ্গদা সিং, সোনম বাজওয়া, সৌন্দর্য শর্মা, চাঙ্কি পান্ডে, নিকিতিন ধীর এবং জনি লিভার। সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় ছবিটি মুক্তি পাবে ৬ জুন।