বক্স অফিসে বড় ধামাকার প্রস্তুতি! রজনীকান্তের সঙ্গে হাত মেলাচ্ছেন শাহরুখ, উত্তাল সিনেমাপাড়া।

শাহরুখ খান, রজনীকান্ত
শেষ আপডেট: 11 March 2026 12:16
দ্য ওয়াল ব্যুরো: বিনোদন জগতের দুই মহাতারকা—একজন দক্ষিণী সিনেমার ‘ঈশ্বর’, অন্যজন বলিউডের বাদশা। কথা হচ্ছে রজনীকান্ত (Rajinikanth) এবং শাহরুখ খান-কে (Shah Rukh Khan) নিয়ে। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, রজনীকান্তের আগামী ছবি জেলার ২-এ একসঙ্গে দেখা যেতে পারে এই দুই সুপারস্টারকে। অর্থাৎ প্রথমবারের মতো একই ছবিতে পর্দা ভাগ করতে চলেছেন তাঁরা।
এর আগে গুঞ্জন উঠেছিল, এই ছবিতে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। তবে সেই চরিত্রটি ঠিক কী ধরনের, তা এতদিন স্পষ্ট করে জানা যায়নি। এবার বলিউড সূত্রে জানা যাচ্ছে, পরিচালক নেলসন দিলীপকুমার-এর এই ছবিতে শাহরুখকে দেখা যেতে পারে একটি ক্যামিও ভূমিকায়। শোনা যাচ্ছে, সেখানে তিনি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন।
চলতি মাসেই ছবিটির শুটিং শুরু হয়েছিল এবং বর্তমানে তা প্রায় শেষের দিকে। তবে এখনও শাহরুখের অংশের কিছু শুটিং বাকি রয়েছে। সেই কাজ শেষ করতে আরও সাত থেকে আট দিন সময় লাগতে পারে বলে জানা যাচ্ছে। আশা করা হচ্ছে, এই মাসের মধ্যেই তাঁর অংশের শুটিং সম্পূর্ণ হবে। যদিও ছবির নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
শাহরুখ খান ছাড়াও ছবিতে আরও একটি ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে বিজয় সেতুপতি-কে। এর আগে আবার শোনা গিয়েছিল, এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন মিঠুন চক্রবর্তী এবং বিদ্যা বালান। পাশাপাশি ছবিতে একটি আইটেম ডান্সে দেখা যেতে পারে নোরা ফতেহি-কে বলেও গুঞ্জন রয়েছে।
দুই সুপারস্টার এক ছবিতে থাকলে চমকের অভাব হবে না, সেটাই স্বাভাবিক। দর্শকদের প্রত্যাশা মাথায় রেখে ‘জেলার ২’-এ নাকি ভরপুর অ্যাকশনের আয়োজনও রাখা হয়েছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটেছেন দুই তারকাই।
উল্লেখ্য, রজনীকান্ত ও শাহরুখের একসঙ্গে এই ছবিতে অভিনয়ের খবর প্রথম সামনে এনেছিলেন মিঠুন চক্রবর্তী নিজেই। কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর পরবর্তী কাজ ‘জেলার ২’, যেখানে রজনীকান্তের পাশাপাশি থাকবেন মোহনলাল, রম্য কৃষ্ণন, শিবা রাজকুমার এবং শাহরুখ খানও। তাঁর কথায়, ছবিতে এই তারকাদের প্রত্যেককে নাকি তাঁর বিপরীতেই দেখা যাবে।