
শাহরুখ খান
শেষ আপডেট: 2 May 2025 16:59
দ্য ওয়াল ব্যুরো: বলিউড বাদশাহ, শাহরুখ। এমন একজন তারকা, যাঁর কথা মানুষ শুধু শোনেই না, শেখে। তাঁর প্রতিটি কথা যেন, অভিজ্ঞতা আর বুদ্ধিমত্তার মেলবন্ধন। আর সেই অভিজাত অথচ রসিকতায় তিনি যখন কথা বলেন, মনে হয় — হ্যাঁ, ঠিকই তো বলছেন!
ওয়েভস ২০২৫-এর মঞ্চে শাহরুখের ‘ইনসাইডার-আউটসাইডার’ বিতর্কে নিজের অবস্থান
‘দ্য জার্নি: ফ্রম আউটসাইডার টু রুলার’ নামের এক সেশনে করণ জোহরের সঞ্চালনায় শাহরুখের পাশে ছিলেন তাঁর অন্যতম প্রিয় সহঅভিনেত্রী দীপিকাও। সেখানেই শাহরুখ খান তুলে ধরেন তার মতামত — ‘কে কোথা থেকে এসেছে, সেটা কোনও দিনই আসল বিষয় নয়। আসল বিষয় হচ্ছে, কীভাবে আপনি নিজের জায়গা তৈরি করছেন।’ তিনি বলেন, ‘লোকজন বলে, ‘আমি তখন ক্ষুধার্ত, অনেক পরিশ্রম করেছি’ — কিন্তু এগুলো খুবই ‘রোম্যান্টিসাইজড’ শব্দ। আমি বরং বলব, আপনি যদি নিজেকে নিয়ে করুণা করতে থাকেন, তাহলে আপনি নিজের জন্য জায়গা গড়তে পারবেন না।’
‘ফিল্ম ইন্ডাস্ট্রি আমাকে বুকে টেনে নিয়েছে’
শাহরুখ আরও বলেন, ‘আমি যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, তখন থেকেই মনে করতাম — এটাই আমার জগৎ। আমি কখনও মনে করিনি যে আমি বাইরের কেউ। বরং ইন্ডাস্ট্রিও আমাকে বাহুডোরে আপন করে নিয়েছিল।’
দীপিকা: ‘আমি কখনও নিজেকে আউটসাইডার মনে করিনি’
শুধু শাহরুখ নন, এই বিতর্ক নিয়ে দীপিকাও নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। বেঙ্গালুরু থেকে বলিউডে আসার সেই সফরকে স্মরণ করে দীপিকা বলেন, ‘এই ইনসাইডার-আউটসাইডার কথাগুলো আজকাল বেশি শোনা যায়। আমি যখন শুরু করেছিলাম, তখন এসব ভাবিইনি। আমি তখন ১৭ বছরের মেয়ে, যার সামনে ছিল এক নতুন জগৎ।’ তিনি জানান, ‘ফারাহ আমাকে ‘ওম শান্তি ওম’-এ কাস্ট করতে চেয়েছিলেন কোনও অডিশন ছাড়াই। আমি তখন মুম্বই আর বেঙ্গালুরু যাতায়াত করছিলাম। তিনি শুধু বললেন, ‘তোমাকে শাহরুখের সঙ্গে একবার মিট করাতে চাই’। তখন শাহরুখ ‘চক দে ইন্ডিয়া’র শুটিংয়ে ছিলেন অস্ট্রেলিয়ায়। ফিরে এসে দেখা হল আর সেখান থেকেই শুরু আমার সিনেমার পথ।’
নিজের পরিশ্রম আর মনোভাবই দীপিকার হাতিয়ার
তিনি আরও বলেন, ‘আমি মডেলিং করতাম, কিছু কাজ তাঁরা দেখেছিলেন। কিন্তু আমি কখনও অনুভব করিনি যে আমি একেবারে বাইরে থেকে এসেছি এবং নিজেকে মানিয়ে নিতে হবে। আমার মধ্যে ছিল পরিশ্রম, প্যাশন, ফোকাস আর ডেডিকেশন — এটাই আমার নিয়ন্ত্রণে ছিল।’ বলিউডের এই সেরা জুটির জীবনের অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাসী দৃষ্টিভঙ্গি যেন নতুন প্রজন্মের জন্য এক বড় অনুপ্রেরণা।