রিয়াদে তিন খানের মঞ্চে জমে গেল আড্ডা! আরিয়ানকে নিয়ে সলমনের প্রশংসায় শাহরুখও রসিকতা করলেন।

শাহরুখ খান ও সলমন খান
শেষ আপডেট: 18 October 2025 11:36
দ্য ওয়াল ব্যুরো: সৌদি আরবের রিয়াদে 'জয় ফোরাম ইভেন্টে' এক মঞ্চে উপস্থিত হয়েছিলেন বলিউডের তিন সুপারস্টার- শাহরুখ খান, সলমন খান এবং আমির খান। বিদেশের মাটিতে বসে তিন দশকের বন্ধুত্ব, কেরিয়ার এবং তাঁদের চলচ্চিত্র নিয়ে খোলামেলা আলোচনা করেন এই তিন তারকা। সেখানেই সলমন খানের মুখে শোনা গেল শাহরুখ পুত্র আরিয়ান খানের ভূয়সী প্রশংসা।
সম্প্রতি পরিচালক হিসেবে বলিউডে হাতেখড়ি হয়েছে আরিয়ান খানের। ক্যামেরার পিছনে কাজ করতে স্বচ্ছন্দ আরিয়ানের নেটফ্লিক্স সিরিজ 'দ্য ব্যাডস অফ বলিউড' নিয়ে বর্তমানে সর্বত্র চর্চা চলছে। এই সিরিজ নিয়েই সলমন আনন্দ প্রকাশ করেছেন।
ভাইজান বলেন, "আরিয়ান একটা ওয়েব সিরিজ তৈরি করেছে, 'দ্য ব্যাডস অফ বলিউড'। এটা সত্যিই দুর্দান্ত। ওর বেড়ে ওঠাও একইরকম। সে (অভিনেতা হতে) চায়নি... তবে আমি তাঁকে ক্যামেরার সামনে দেখতে চাই।"
এরপর রসিকতা করে সলমন আরও বলেন, "এবং ওর সুপার সিরিয়াস বাবা... যেমনটি আমি আগেই বলেছি, আরিয়ানই একমাত্র ব্যক্তি যে কোনওদিন শাহরুখের জায়গা নিয়ে খুশি হবে (হাসি)।"
সলমনের এই মন্তব্যের উত্তরে শাহরুখ খান হাসতে হাসতে পাল্টা বলেন, "সলমনের যদি ছেলে থাকত, সেই সবচেয়ে বড় স্টার হত। তবে সলমন যেমন বলেছিলেন, এখন সমস্ত তরুণরা খুব ভিডিও-লিটারেট। এবার বুঝতে পারছি এটি আরিয়ানকে অনেক সাহায্য করেছে।"
আরিয়ান খানের এই ওয়েব সিরিজটি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির উপর একটি ব্যঙ্গাত্মক উপস্থাপন। এতে ক্ষমতা দখলের লড়াই, বহিরাগতদের প্রাসঙ্গিক থাকার চেষ্টা এবং নেপোটিজম বিতর্ক-এর মতো বিষয়গুলি উঠে এসেছে।
এই সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন লক্ষ্য, সাহের বাম্বা, অনন্যা সিং, রাঘব জুয়াল, ববি দেওল, মোনা সিং এবং মনোজ পাহওয়ার মতো অভিনেতারা। তীক্ষ্ণ লেখা, অভিনয় এবং শাহরুখ, আমির, সলমন— তিন তারকার ক্যামিও উপস্থিতির জন্য ওয়েব সিরিজটি বেশ প্রশংসা কুড়িয়েছে।