‘ডন ৩’ থেকে রণবীর সিং ছাঁটাই? শাহরুখ খানকে ফেরাতে বড় শর্ত দিলেন বাদশা।

শাহরুখ খান, রণবীর সিং
শেষ আপডেট: 17 January 2026 11:58
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের শুরুতেই বলিপাড়ায় বড়সড় চমক। শোনা যাচ্ছে, বহুল আলোচিত ‘ডন ৩’ থেকে নাকি ছিটকে গিয়েছেন রণবীর সিং, আর তাঁর জায়গায় ফের ‘ডন’ অবতারে ফিরতে পারেন শাহরুখ খান। কানাঘুষো অনুযায়ী, ছবির ভবিষ্যৎ বাঁচাতেই এবার বাদশার দিকেই তাকিয়ে ফারহান আখতার ও তাঁর টিম। ইতিমধ্যেই নাকি শাহরুখের কাছে পৌঁছেছে প্রস্তাব।
এই মুহূর্তে যদিও শাহরুখ খান ব্যস্ত কন্যা সুহানা খানের বলিউড অভিষেক ছবি ‘কিং’-এর প্রস্তুতিতে। ইন্ডাস্ট্রি সূত্রের দাবি, এই ছবিই ২০২৬ সালের বক্স অফিসে বড়সড় গেমচেঞ্জার হতে চলেছে। কিন্তু ‘কিং’ নিয়ে যখন বাদশাভক্তদের উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এল ‘ডন ৩’ ঘিরে নতুন এই জল্পনা। জানা যাচ্ছে, আইকনিক ‘ডন’ চরিত্রে ফের শাহরুখকেই ফেরাতে চাইছেন নির্মাতারা।
বলিউড মহলের খবর অনুযায়ী, প্রাথমিকভাবে আগ্রহ দেখালেও এবার নাকি প্রযোজনা সংস্থার সামনে বড় শর্ত রেখেছেন কিং খান। সেই শর্তে ফারহান আখতার রাজি হবেন কি না, তা নিয়েই শুরু হয়েছে নতুন ধোঁয়াশা। কানাঘুষো বলছে, ‘ডন ৩’-এর টিমে দক্ষিণী পরিচালক অ্যাটলিকে যুক্ত করতে চাইছেন শাহরুখ। যদিও অ্যাটলি ঠিক কোন ভূমিকায় থাকবেন, তা স্পষ্ট নয়।
উল্লেখ্য, ২০২৩ সালে অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’ মুক্তি পেয়ে কার্যত সুনামি এনেছিল বলিউড বক্স অফিসে। বিশ্বব্যাপী ১১০০ কোটির বেশি ব্যবসা করে শাহরুখ খানকে ফের ‘বাদশা’র সিংহাসনে বসায় সেই ছবি। তাই ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিকেও নিশ্চিত হিট করাতে অ্যাটলিকেই নিজের ‘ব্রহ্মাস্ত্র’ হিসেবে চাইছেন শাহরুখ, এমনটাই ইন্ডাস্ট্রি সূত্রের দাবি।
তবে এখানেই জটিলতা। ২০০৬ সাল থেকে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির পুরো সৃজনশীল নিয়ন্ত্রণ রয়েছে ফারহান আখতারের হাতেই। শাহরুখকে দিয়েই প্রথম দুই কিস্তিকে সুপারহিট করেছিলেন তিনি। ফলে নিজের এই ‘ডন সাম্রাজ্যে’ এবার অন্য কোনও প্রভাবশালী পরিচালককে জায়গা দেবেন কি না, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।
এদিকে ‘ডন ৩’ নিয়ে বিতর্ক নতুন নয়। ২০২৩ সালে ছবির টিজার প্রকাশ্যে আসার পর থেকেই রণবীর সিংয়ের কাস্টিং নিয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন অনুরাগীরা। কেউ রণবীরকে ‘ডন’ অবতারে মানতে চাননি, কেউ আবার একাধিক কাস্টিং বদল নিয়ে প্রশ্ন তুলেছিলেন। গত ডিসেম্বরে ‘ধুরন্ধর’-এর দুর্দান্ত ব্যবসার পর রণবীর সিংয়ের পারিশ্রমিক বেড়ে যাওয়াও নাকি তাঁকে ছাঁটাই করার অন্যতম কারণ বলে শোনা যায়।
যদিও শুরু থেকেই দর্শকদের একাংশ দাবি করেছিলেন, অমিতাভ বচ্চন বা শাহরুখ খানের মতো ব্যক্তিত্বে গড়া ‘ডন’ চরিত্রের সঙ্গে রণবীর সিংয়ের ইমেজ খাপ খায় না। ফারহান আখতার অবশ্য বারবার রণবীরের অভিনয় দক্ষতা ও ক্যারিশমার পক্ষে সওয়াল করেছিলেন। কিন্তু সেই যুক্তিতে শেষ পর্যন্ত মন গলেনি দর্শকের। পরিস্থিতির চাপে পড়ে শেষমেশ রণবীরকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলেই খবর।
এরপরই শোনা যাচ্ছিল, ‘ডন ৩’-এর ভবিষ্যৎ নাকি কার্যত অনিশ্চিত। কিন্তু মাস ঘুরতেই শাহরুখ খানের সম্ভাব্য প্রত্যাবর্তনের গুঞ্জনে ফের উত্তাল টিনসেল টাউন। এখন দেখার, বাদশার শর্তে রাজি হন কি না ফারহান আখতার। আর সত্যিই কি ‘ডন’-এর রাজত্বে ফের একবার ফিরবেন শাহরুখ খান।