অনেক দিন পর, আবার চেনা মুখ।
বন্ধু, কেমন আছো? মুহূর্তগুলো বলুক নিজেদের কথা।
মুহূর্তের টান, মুহূর্তের শরৎ…
এমনই এক সুরে বাঁধা পড়েছে নতুন গান, ‘অনেক দিন পর’। গানের কথা যেন সময়ের মতোই কোমল— সুমনের এই গান বন্ধুত্বের, ভালবাসার, আবার ফিরে আসারও।

সুমন-সৌরভ-প্রসেনজিৎ।
শেষ আপডেট: 10 October 2025 15:49
শুভঙ্কর চক্রবর্তী
অনেক দিন পর, আবার চেনা মুখ।
বন্ধু, কেমন আছো? মুহূর্তগুলো বলুক নিজেদের কথা।
মুহূর্তের টান, মুহূর্তের শরৎ…
এমনই এক সুরে বাঁধা পড়েছে নতুন গান, ‘অনেক দিন পর’। গানের কথা যেন সময়ের মতোই কোমল— সুমনের এই গান বন্ধুত্বের, ভালবাসার, আবার ফিরে আসারও। ঠিক সেই মুহূর্তকেই এবার বড় পর্দায় ধরতে চলেছেন পরিচালক সৌরভ পালোধী।
শুরুতেই ফোনে গানের কয়েকটা লাইন শুনিয়ে দেওয়া হলে সৌরভের গলায় শোনা গেল মৃদু হাসি, “ সুমনের গান অনুপ্রেরণা তো বটেই। ছোটবেলার গান, কিন্তু গল্পটা বড়দের। আমার নতুন ছবিও তাই— বড়দের মুহূর্ত নিয়ে।”
সৌরভ-পালোধী
নতুন ছবি ‘অনেকদিন পর’ সৌরভের একান্ত ভালোবাসার এক কাজ। এই ছবিতে আছে একাকীত্ব কাটিয়ে ওঠার চেষ্টা, আছে মন খারাপের অন্ধকারে আলো খোঁজার যাত্রা। সৌরভ বললেন, “ডিপ্রেশন, মন খারাপ— যা-ই বলুন, সবই আসলে absence of association থেকে আসে। জীবনে একটা কারণ খুঁজে নিতে হয় বেঁচে থাকার, এমনি এমনি বাঁচা যায় না। যদি আগামী সকাল দেখার একটা কারণ খুঁজে পাই, তাহলে বাকিটা সহজ হয়ে যায়।”
ছবিটিতে তাই তিনি খুঁজে পেয়েছেন নানা শ্রেণীর ভালোবাসা, নানা রকম টিকে থাকার কারণ। “‘অঙ্ক কি কঠিন’-এ ছোটদের গল্প বলেছিলাম,” বললেন সৌরভ, “এবার ‘অনেক দিন পর’ বড়দের জন্য— সরল, সিরিয়াস প্রেমের গল্প। এই সহজতাই তো আমরা রোজ হারিয়ে ফেলি ভারি জিনিসপত্রের ভিড়ে।”
ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর প্রযোজনা সংস্থা ‘এন আই ডিয়াজ’-এর পক্ষ থেকে সমাজমাধ্যমে ছবির ঘোষণা করা হয়। পোস্টারে লেখা ছিল— “টিকে থাকতে একটা পারপাস লাগে। ‘অনেক দিন পর’ খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে যাত্রা।” যাঁরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে চেনেন, তাঁরা জানেন— তিনি প্রজেক্ট বাছেন অত্যন্ত দেখেশুনে। তাই সৌরভের সঙ্গে তাঁর প্রথম কাজ হতে চলা যে বড় এক আস্থা, তা বলাই যায়। টলিউডের ‘জ্যেষ্ঠপুত্র’ যেন এই তরুণ পরিচালকের হাতেই তুলে দিয়েছেন এক নতুন দিগন্তের আলো।
প্রযোজককে স্ক্রিপ্ট পড়ে শোনাচ্ছেন পরিচালক
সৌরভ বললেন, “আমাদের এখানে অল্টারনেটিভ কাজ করার সুযোগ খুব কম। ‘অঙ্ক কি কঠিন’-এর সময় রাণা সরকার আমায় সুযোগ দিয়েছিলেন, এবার সেই বিশ্বাস রেখেছেন বুম্বাদা। গল্প শুনেই উনি বললেন— ‘কাকে নেবে, কী নেবে, এসব নিয়ে ভাবিস না। ছবি বানা, ভালো ছবি বানা।’ আমার মতো ছবির ছাত্রের কাছে এর চেয়ে বড় উপহার আর কী হতে পারে!”

তিনি আরও বললেন, “অনেক সময় নামী প্রযোজকরা গল্প অর্ধেক শুনেই জিজ্ঞেস করেন— ‘কিস কো লেনা চাহতে হো?’ সেই জায়গা থেকে আজ বুম্বাদা গল্প শুনে বলেন, ‘আমি বিশ্বাস রাখছি।’ এটাই আমার কাছে প্রাপ্তি। ওঁর ‘অঙ্ক কি কঠিন’ ভালো লেগেছিল, ‘খোলামকুচি’ও পছন্দ হয়েছিল। কারা কাজ করছেন তার থেকেও বেশি গুরুত্ব দিয়েছেন এই যে আমি ভালো অভিনেতাদের নিয়ে কাজ করছি।”
বাস্তবতার সঙ্গে মিল রেখে কাজ করাই সৌরভের স্বভাব। তাঁর গল্পগুলো এমন সব না বলা কথা বলে, যা আমরা শুনে ফেলি, কিন্তু বুঝি না। ছোটদের জীবনের আলো আর স্বপ্নকে তিনি বড় পর্দায় ফুটিয়ে তুলেছিলেন ‘অঙ্ক কি কঠিন’-এ। এবার বড়দের জীবনের সেই না বলা অনুভবগুলো নিয়ে হাজির হচ্ছেন ‘অনেক দিন পর’-এ।
ছবির গল্প লিখেছেন সৌরভ পালোধী ও সৌমিত দেব। মুখ্য চরিত্রে রয়েছেন চিত্রাঙ্গদা শতরূপা ও বিমল গিরি। সঙ্গে থাকবেন শঙ্কর দেবনাথ, দেবেশ রায়চৌধুরী, সোমা বন্দ্যোপাধ্যায় ও বিমল চক্রবর্তী। সিনেমাটোগ্রাফিতে অঙ্কিত সেনগুপ্ত, সঙ্গীতে সপ্তক সানাই, আর সম্পাদনায় প্রণয় দাশগুপ্ত। সব কিছু ঠিকঠাক থাকলে, চলতি বছর নভেম্বরেই শুরু হবে ‘অনেক দিন পর’-এর শুটিং।
শরতের হাওয়ায় আবার ফিরে আসছে সেই চেনা সুর— বন্ধুত্ব, প্রেম, ফিরে আসা, বেঁচে থাকার নতুন কারণ।
অনেকদিন পর...
কেমন আছো বলো, বন্ধু কি খবর
আবার গাই চলো, অনেক দিন পর।