অনিল কাপুরকে একবার মিথ্যে বলেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়! আর সেই কথা নিজেই স্বীকার করে নিলেন অভিনেতা।

অনিল কাপুর ও শাশ্বত চট্টোপাধ্যায়
শেষ আপডেট: 8 August 2025 16:51
দ্য ওয়াল ব্যুরো: অনিল কাপুরকে একবার মিথ্যে বলেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়! আর সেই কথা নিজেই স্বীকার করে নিলেন অভিনেতা। 'দ্য নাইট ম্যানেজার' সিরিজের প্রোমোশনের সময়কার সেই ঘটনার কথা শেয়ার করে নিলেন ‘দ্য ওয়াল’-এর সঙ্গে। ঘটনাটা ঠিক কী?
শাশ্বতর কথায়, “নাইট ম্যানেজারের প্রোমোশনের সময় সিকিম যাওয়ার একটা প্ল্যান হয়েছিল বন্ধুবান্ধবদের নিয়ে। গাড়ি করে যাওয়ার কথা। হঠাৎ দেখি অনিল কাপুরের একটা মেসেজ এসেছে। লিখেছেন, আমরা ভাবছি প্রমোশনের জন্য ‘দ্য কপিল শর্মা শো’-তে যাব। আমাকে সেখানে যেতে হবে, সেটাও জানিয়ে দিয়েছিলেন।'
এদিকে শাশ্বতের ট্যুর প্ল্যান ফাইনাল। বন্ধুরা অপেক্ষা করছে, সব কিছু ঠিকঠাক। এই সফর বাতিল মানে বড়সড় সমস্যা। তাই 'অল্প' মিথ্যে বলে দিয়েছিলেন অনিলকে।
শাশ্বত বলেন, 'আমি ওঁকে মেসেজে লিখলাম, যদিও একটু মিথ্যে বলেই ফেলেছিলাম, বউ-বাচ্চাকে নিয়ে যাচ্ছি। অনেক দিন পর একটা ট্রিপ প্ল্যান হয়েছে। এটা ক্যানসেল করলে ডিভোর্স হয়ে যাবে স্যার!'
শাশ্বত অবশ্য হাসতে হাসতেই বললেন, “আসলে ওটা একটু মিথ্যে ছিল। আমি আসলে যাচ্ছিলাম বন্ধুদের সঙ্গে। সেটা তো বলতে পারি না!”
কিন্তু তারপর কী হল?
শাশ্বত বললেন, 'অনিল স্যর হেসে রিপ্লাই করেছিলেন—হাহাহা, ওকে রিল্যাক্স অ্যান্ড এঞ্জয়।’
ঘুরতে যাওয়ার প্রতি নিজের ভালবাসার কথাও বলেন শাশ্বত। জানালেন, 'বেরানোটা আমার কাছে অক্সিজেন। ওটা ছাড়া আমি থাকতে পারব না।'