স্বাধীনতা দিবসে আসছে ‘বর্ডার ২’-এর টিজার। বরুণ ধবন, সানি দেওল, দিলজিৎদের নিয়ে তৈরি এই যুদ্ধ-নাটক আসছে ২০২৬ সালের জানুয়ারিতে।

‘বর্ডার ২
শেষ আপডেট: 8 August 2025 16:02
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। ১৯৯৭ সালের কালজয়ী সিনেমা ‘বর্ডার’-এর সিকুয়েল ‘বর্ডার ২’ অবশেষে ঘোষণা করতে চলেছে নিজেদের মুক্তির দিন। এই স্বাধীনতা দিবস, অর্থাৎ ১৫ অগস্ট ২০২৫-এ মুক্তি পাবে ছবির টিজার। সূত্রের খবর, মাত্র এক মিনিটের এই বিশেষ ভিডিওতেই ধরা পড়বে ভারত-পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা ও দেশপ্রেম।
‘বর্ডার ২’-এর পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুরাগ সিং। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে বরুণ ধবন, দিলজিৎ দোশাঞ্জ, আহান শেট্টি এবং যুদ্ধচলচ্চিত্রের চিরন্তন মুখ সানি দেওলকে। এক সংবাদমাধ্যের দাবি, “সানি দেওলকে নিয়ে পরিচালক অনুরাগ সিং এক মিনিটের বিশেষ ভিডিও কেটেছেন, যেখানে ফুটে উঠবে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব।”
জানা যাচ্ছে, এই টিজার ডিজিটাল মাধ্যমে রিলিজ করলেও, দেশের জাতীয় মাল্টিপ্লেক্স চেইনগুলির সঙ্গে চুক্তি করে এটিকে ‘ওয়ার ২’ ছবির সঙ্গে যুক্ত করে বড় পর্দায়ও দেখানো হবে।
প্রযোজক সংস্থার তরফে স্পষ্ট জানানো হয়েছে, আগামী বছর ২৩ জানুয়ারি, ২০২৬-তে প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে মুক্তি পাবে এই মেগা-বাজেট সিনেমা। এর মধ্যেই ঘোষণা করা হয়েছে, বরুণ ধবনের বিপরীতে ছবিতে দেখা যাবে নবাগতা অভিনেত্রী মেধা রানাকে।
প্রযোজকদের কথায়, “প্রতিটি গল্প তার উপযুক্ত মানুষকে খুঁজে নেয়। আমরা খুশি যে মেধা রানাকে বর্ডার ২ পরিবারের অংশ হিসেবে পেয়েছি।” ১৯৯৭ সালের ‘বর্ডার’ ছবিটি পরিচালনা করেছিলেন জে পি দত্তা।