ভাইরাল সেই সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে রাস্তায় ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে।

আসিফ কুরেশি
শেষ আপডেট: 8 August 2025 13:26
দ্য ওয়াল ব্যুরো: বাড়ির সামনে স্কুটার পার্কিং করাকে কেন্দ্র করে প্রাণ গেল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ। নিহত ব্যক্তির নাম আসিফ কুরেশি (Asif Qureshi)। নিহত আসিফ বলিউড অভিনেত্রী হুমা কুরেশির (Huma Qureshi) ভাই। এদিকে তাঁর স্ত্রীর দাবি, এর আগেও তাঁর স্বামীর উপর হামলার চেষ্টা করেছিল অভিযুক্তরা।
পুলিশ জানিয়েছে, পূর্ব কাইলাশের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে নিয়ে গেলে চিকিৎসকেরা আসিফকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার সঙ্গে জড়িত দুই অভিযুক্ত যুবক, উজ্জ্বল (১৯) ও গৌতমকে (১৮) ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে খুনে ব্যবহৃত অস্ত্রও।

আসিফ কুরেশির স্ত্রী শাহিন কুরেশি বলেন, “রাত ৯.৩০টা নাগাদ এক প্রতিবেশী আমাদের বাড়ির গেটের সামনে স্কুটার পার্ক করে। আমার স্বামী তাকে অনুরোধ করেন যাতে সে গেটের সামনে না পার্ক করে। এতে রেগে গিয়ে লোকটি গালিগালাজ করে এবং হুমকি দেয়, আবার ফিরে আসবে।”
Actor Huma Qureshi’s cousin, Asif Qureshi, was fatally stabbed in a parking dispute in Delhi’s Bhogal area. Two teenagers arrested. CCTV footage captures the incident.#DelhiCrime #HumaQureshi #Bhogal #BreakingNews #ParkingDispute #CCTVEvidence #DelhiNews pic.twitter.com/JVR1VZW9dv
— Lokmat Times Nagpur (@LokmatTimes_ngp) August 8, 2025
সেই কথাই সত্যি হয়। শাহিনের অভিযোগ, “কয়েক মিনিটের মধ্যেই সে তার ভাইকে নিয়ে ফিরে আসে। তারপর ধারালো অস্ত্র দিয়ে আসিফের উপর হামলা করে। আমি সঙ্গে সঙ্গে আমার দেওর জাভেদকে ফোন করি। কিন্তু ততক্ষণে প্রচুর রক্তক্ষরণ হয়ে গিয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান, এক থেকে দেড় ঘণ্টা আগেই তাঁর মৃত্যু হয়েছে।”

এই ঘটনায় ইতিমধ্যেই মামলা দায়ের করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির নতুন ধারা, ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita) অনুসারে ১০৩ নম্বর ধারা (যা খুন সংক্রান্ত) অনুযায়ী এফআইআর দায়ের করা হয়েছে।