‘জিরো’ সিনেমার অভিনয় নিয়ে তীব্র সমালোচনা লিলিপুটের, বললেন– প্রযুক্তির সাহায্যে বামনের মতো দেখানো অভিনয় নয়, চ্যালেঞ্জটা ছিল কমলের মতো বাস্তব হয়ে ওঠা।

শাহরুখকে নিয়ে বিতর্কিত মন্তব্য
শেষ আপডেট: 8 August 2025 13:58
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরে জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান। ‘জওয়ান’ ছবির জন্য তাঁর এই সম্মানিত হওয়া নিয়ে একদিকে যেমন অনুরাগীদের উচ্ছ্বাস, অন্যদিকে তেমনই উঠছে নানা প্রশ্নও। অনেকেই বলছেন, এই পুরস্কারটা তাঁর আগেই পাওয়া উচিত ছিল, হয়তো ‘স্বদেশ’-এর মতো ছবির জন্য। আবার অনেকেই খোঁচা দিচ্ছেন, ‘জওয়ান’ আদৌ কি জাতীয় পুরস্কারের যোগ্য?
এই বিতর্কের মাঝেই এবার কিং খানের অভিনয় নিয়ে সরাসরি কটাক্ষ করলেন ছোট চেহারার জনপ্রিয় অভিনেতা লিলিপুট। তুলনা টানলেন কমল হাসানের সঙ্গেও। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ২০১৮ সালের ‘জিরো’ ছবির প্রসঙ্গ টেনে শাহরুখের অভিনয় দক্ষতা নিয়ে সোজা প্রশ্ন তুলে দিলেন তিনি।
“কমল হাসানের নকল করতে চাইছেন”, লিলিপুটের তীব্র আক্রমণ। রেড এফএম-এ দেওয়া এক সাক্ষাৎকারে লিলিপুট বলেন, “দৃষ্টিসম্পন্ন কেউ অন্ধ চরিত্রে অভিনয় করতেই পারেন। কিন্তু একজন সাধারণ উচ্চতার মানুষ যখন বামনের চরিত্রে অভিনয় করেন, তখন সেটি নিছক অভিনয় নয়, একটা গভীর চ্যালেঞ্জ।”
সরাসরি শাহরুখ খানের উদ্দেশে বলেন, “তোমার ওপর থেকে আমার ধারণা তখনই শেষ হয়ে যায়, যখন দেখি তুমি আসলে একজন বামনের মতো নও—তুমি বরং একজন সাধারণ মানুষ, যাকে ভিজুয়াল এফেক্ট দিয়ে বামনের মতো দেখানো হয়েছে। এটা শুধু প্রযুক্তি, এতে সত্যিকারের গভীরতা নেই।”

তাঁর আরও মন্তব্য, “কমল হাসান তাঁর চরিত্রে বামনের শারীরিক গঠন, অভিব্যক্তি, আচরণ সবটুকু নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন। শাহরুখ সেখানে শুধু কমল হাসানকে নকল করলেন। কিন্তু সেই গভীরতা কি আনতে পেরেছেন?”
লিলিপুটের জোরালো বক্তব্য, “শাহরুখ কমল হাসানের কপি করলেও তিনি তাঁর ধারে কাছেও পৌঁছতে পারেননি। তাই যেখানে কমল হাসান সফল, শাহরুখ সেখানে মুখ থুবড়ে পড়েছেন।”
‘জিরো’ পরিচালনা করেছিলেন আনন্দ এল রাই। শাহরুখের সঙ্গে ছিলেন অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফ। প্রায় ২০০ কোটি টাকা বাজেটের এই ছবি আয় করেছিল মাত্র ১৭৮ কোটি। এবং এই ব্যর্থতার পর বেশ কয়েক বছর অভিনয় থেকে বিরত থাকেন বলিউড বাদশা। তবে ২০২৩-এ ‘পাঠান’, ‘জওয়ান’ আর ‘ডাংকি’-র সাফল্যের পর আবারও চূড়ায় ফিরেছেন কিং খান।