অনুরাগ বসু পরিচালিত সদ্য মুক্তি পাওয়া ছবি 'মেট্রো… ইন দিনো' বক্স অফিসে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে দর্শকদের হৃদয়ে। আর এই ভালবাসায় আপ্লুত হয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী সারা আলি খান।

'মেট্রো… ইন দিনো'
শেষ আপডেট: 8 July 2025 21:28
দ্য ওয়াল ব্যুরো: অনুরাগ বসু পরিচালিত সদ্য মুক্তি পাওয়া ছবি 'মেট্রো… ইন দিনো' বক্স অফিসে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে দর্শকদের হৃদয়ে। আর এই ভালবাসায় আপ্লুত হয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী সারা আলি খান। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী লেখেন, “দর্শকদের এই অফুরান ভালবাসায় আপ্লুত। আমরা যা কিছু করি, সবই করি আপনাদের জন্য। কৃতজ্ঞতা ছাড়া আর কিছু বলার নেই।”
গত শনিবার ছবির অন্যতম মুখ সারা আলি খান, পঙ্কজ ত্রিপাঠী, ফতিমা সানা শেখ এবং পরিচালক অনুরাগ বসু দর্শকদের চমকে দিয়ে হাজির হন একাধিক প্রেক্ষাগৃহে। সিনেমা শেষ হতেই আচমকাই যখন তারা উঠে দাঁড়ান দর্শকদের মধ্যে থেকে, দর্শকেরা তখন হকচকিয়ে যান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই মুহূর্তের বহু ভিডিয়ো ও ছবি—যেখানে দেখা যাচ্ছে অভিনেতারা দর্শকদের সঙ্গে কথাও বলছেন, সেলফিও তুলছেন।
গত ৪ জুলাই মুক্তি পাওয়া এই রোমান্টিক ড্রামা প্রথম দিনেই ৩.০৪ কোটি টাকার ব্যবসা করেছে। যা ২০০৭ সালে অনুরাগ বসুর পরিচালিত 'লাইফ ইন আ মেট্রো' ছবির প্রথম দিনের কালেকশন (৮০ লক্ষ) থেকে প্রায় ৩০০ শতাংশ বেশি। সেই ছবিও ধীরে ধীরে দর্শকপ্রিয়তা অর্জন করেছিল এবং শেষ পর্যন্ত ২৪ কোটিরও বেশি আয় করেছিল। 'মেট্রো… ইন দিনো' ছবিকে অনেকেই 'লাইফ ইন আ মেট্রো'–র আধুনিক উত্তরসূরি বলেই দেখছেন। এখানে চারটি সমান্তরাল প্রেমের কাহিনি বর্তমান শহুরে জীবনের সম্পর্ক ও টানাপোড়েনকে তুলে ধরেছে।
শুক্রবার ছবির হলভর্তি হওয়া কিছুটা ধীরগতিতে শুরু হলেও বিকেল থেকে সন্ধ্যার শোয়ে উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় দর্শকসংখ্যা। শনিবার ছবির গড় উপস্থিতির হার ছিল ২৭.১৮ শতাংশ। সকালে যেখানে মাত্র ১১.৬৫ শতাংশ দর্শক ছিলেন, সেখানে দুপুরে তা বেড়ে দাঁড়ায় ৩০.৯৫ শতাংশে এবং সন্ধ্যায় পৌঁছয় ৩৮.৯৫ শতাংশে।
ছবিটি প্রশংসিত হয়েছে তার সংবেদনশীল ও পরিণত প্রেমের চিত্রায়নের জন্য। 'নিউজ১৮'-এর পর্যালোচনায় লেখা হয়েছে, “এ রকম হৃদয়স্পর্শী, পরিণত, সূক্ষ্ম এবং বাস্তব প্রেমের গল্প বলিউডে সচরাচর দেখা যায় না। 'মেট্রো… ইন দিনো' আধুনিক যুগের প্রেম নিয়ে এক অনবদ্য পাঠ। এটি যেমন অনুরাগ বসুর ছবি, তেমনই প্রীতমের সুরে গড়া আবেগের দুনিয়া। 'জমানা লাগে', 'দিল কা কেয়া', আর 'মন ইয়ে মেরা' গানগুলি আলাদা করে নজর কেড়েছে।”