'বহুরূপ'-এর লাইভ পোস্টার লঞ্চে উপস্থিত না থেকে চমক দিলেন সোহম চক্রবর্তী।

সোহম চক্রবর্তী
শেষ আপডেট: 8 July 2025 19:51
দ্য ওয়াল ব্যুরো: রূপোলি পর্দায় অভিনেতা-অভিনেত্রীদের গ্ল্যামার, প্রেম, সংলাপ কিংবা অ্যাকশন দৃশ্য দর্শকের মন কেড়ে নেয়। তবে ক্যামেরার পেছনে সেই চরিত্র ফুটিয়ে তুলতে চলে নিরন্তর লড়াই। প্রতিটি দৃশ্যের নিখুঁত পরিবেশনের জন্য টানা পরিশ্রম করে যান শিল্পীরা। এই বাস্তবতাকেই কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বাংলা ছবি ‘বহুরূপ’। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন সোহম চক্রবর্তী ও ইধিকা পাল। এই ছবিতে সোহমকে দেখা যাবে, সাতটি ভিন্ন রূপে।
আজ অর্থাৎ মঙ্গলবার এই ছবিরই লাইভ পোস্টার লঞ্চ হয়। নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পরেও, চণ্ডীপুরের বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী উপস্থিত না হওয়ায়, অবশ্যই সেখানে থাকা ব্যক্তিদের মধ্যে বিভিন্ন প্রশ্ন জাগে। তারপরেই পরিচালকে ডেকে নেওয়া হল মঞ্চে। সেখান থেকেই সরাসরি যখন সোহমকে ফোন করা হল, সোহম সবার সামনেই জানালেন, তিনি একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে আটকে গিয়েছেন। ফলে আসতে পারছেন না। এখানেই শেষ নয়, বিধায়ক-অভিনেতা সবার সামনেই বললেন, 'আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী। পরে আবার নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে।'
তবে এরপরেই যে চমক লুকিয়ে ছিল, তা বোধহয় বুঝতে পারেননি কেউই। অনুষ্ঠানের গোটা জায়গাটা অন্ধকার করে দেওয়া হয়। জানানো হয়, সোহম না আসলেও লাইভ পোস্টার এখনই লঞ্চ হবে। আস্তে আস্তে পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয় মঞ্চ। কিন্তু চমকটা তো আসলে এখানেই! পর্দা সরতেই দেখা যায়, মঞ্চে বসে আছেন সোহম। তাঁকে চেনা দায়। কারণ তাঁর মেকআপ করেছেন জাতীয় পুরষ্কার প্রাপ্ত মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডু।

এভাবেই সবাইকে চমকে দিয়ে অভিনেতা তাঁর ছবি 'বহুরূপ'-এর লাইভ পোস্টার মঞ্চ করলেন। এই সঙ্গে তিনি যে একজন অসাধারণ অভিনেতা, সেটাও কোথাও না কোথাও বুঝিয়ে দিলেন সবাইকে।