কলকাতায় এসেই মেট্রো শুধু সফরের সঙ্গী নয়, এবার প্রোমোশনেরও ঠিকানা। নতুন ছবি ‘মেট্রো ইন দিনো’-র প্রচারে বৃহস্পতিবার শহরে পা রাখলেন সারা আলি খান ও আদিত্য রায় কাপুর।

সারা ও আদিত্য
শেষ আপডেট: 27 June 2025 12:41
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় এসেই মেট্রো শুধু সফরের সঙ্গী নয়, এবার প্রোমোশনেরও ঠিকানা। নতুন ছবি ‘মেট্রো ইন দিনো’-র প্রচারে বৃহস্পতিবার শহরে পা রাখলেন সারা আলি খান ও আদিত্য রায় কাপুর। ইডেন গার্ডেনে CAB পরিচালিত বেঙ্গল টি-টোয়েন্টি লিগের ম্যাচে হাজির ছিলেন তাঁরা। ট্র্যাকশুট আর হাসিমুখেই মুখোমুখি হলেন সাংবাদিকদের সঙ্গে। কিন্তু দিনের সবচেয়ে মজাদার মুহূর্ত এল রাতে—যখন সোজা পৌঁছে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার বাড়িতে।
সেখানে তাঁদের জন্য অপেক্ষায় ছিল খাস বাঙালিয়ানায় ভরপুর এক জমজমাট নৈশভোজ। খাওয়া-দাওয়া শেষ করে সৌরভের পাশে দাঁড়িয়েই সারা বললেন, “খুব যত্ন করে, ভালোবেসে আমাদের যা যা খাওয়ানো হয়েছে, বলে শেষ করতে পারব না।” তারপর হঠাৎ সৌরভের দিকে ফিরে গিয়ে প্রশ্ন, “ওই আলুর কী ছিল?” সৌরভ হেসে জবাব দেন, “পোস্ত!”
সারা বলেন, “আর মাছটাও দারুণ ছিল। ধন্যবাদ আমাদের ডেকে এত ভালো খাওয়ানোর জন্য।” নৈশভোজের ফাঁকেই সৌরভের দাদা, CAB সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেন দুই অভিনেতা-অভিনেত্রী। শুধু ক্রিকেট নয়, জমে উঠল সিনেমার গল্পও।
২০০৭ সালের ‘লাইফ ইন আ মেট্রো’ ছবির আবহে তৈরি ‘মেট্রো ইন দিনো’—যার পরিচালক অনুরাগ বসু। তবে এবারে কাস্টে বড়সড় বদল। পুরনো ছবির অভিনেতাদের মধ্যে শুধুমাত্র কঙ্গনা রানাওয়াত রয়েছেন, তাঁর সঙ্গে থাকছেন পঙ্কজ ত্রিপাঠি। ছবিতে একাধিক জুটির ভিন্ন ভিন্ন সম্পর্কের গল্প ফুটে উঠবে—সারা ও আদিত্য ছাড়াও রয়েছেন আলি ফজল ও ফতিমা সানা শেখ, পঙ্কজ ও কঙ্কণা এবং ষাটোর্ধ্ব জুটিতে অনুপম খের ও নীনা গুপ্তা। ৪ জুলাই মুক্তি পাচ্ছে মেট্রো ইন দিনো।