রীতেশ দেশমুখের স্বপ্নের প্রজেক্ট ‘রাজা শিবাজি’। তা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়েছে দর্শকমহলে। এবার সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করলেন বিদ্যা বালন!

রীতেশ দেশমুখ-বিদ্যা বালন!
শেষ আপডেট: 27 June 2025 11:50
দ্য ওয়াল ব্যুরো: রীতেশ দেশমুখের স্বপ্নের প্রজেক্ট ‘রাজা শিবাজি’। তা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়েছে দর্শকমহলে। এবার সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করলেন বিদ্যা বালন!
চলতি বছরেই রীতেশ দেশমুখ জিও স্টুডিওর সঙ্গে হাত মিলিয়ে ঘোষণা করেন তাঁর ড্রিম প্রজেক্ট ‘রাজা শিবাজি’র। শুধু অভিনয় নয়, এই ছবিতে পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করছেন রীতেশ। মারাঠি সিনেমা থেকে গোটা দেশের দর্শকের কাছে পৌঁছনোর লক্ষ্যে গড়ে তুলেছেন এক বিশাল তারকাকূল—সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, মহেশ মঞ্জরেকর, সচিন খেডেকর, ভাগ্যশ্রী, ফরদিন খান, জিতেন্দ্র জোশী, আমোল গুপ্তে এবং ঋতেশের স্ত্রী জেনেলিয়া দেশমুখের মতো নামজাদা তারকারা রয়েছেন এই ঐতিহাসিক ছবিতে।
এবার সেই তালিকায় যুক্ত হল আরেক ঝকঝকে নাম—বিদ্যা বালন। সূত্রের খবর, ভারতীয় ইতিহাসের অন্যতম গৌরবময় অধ্যায় ‘রাজা শিবাজি’র কাহিনিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন বিদ্যা। চরিত্রটি এতটাই তাৎপর্যপূর্ণ যে, তার জন্য প্রয়োজন ছিল একজন বলিষ্ঠ ও অভিজ্ঞ অভিনেত্রীর। আর সেই জায়গায় নিঃসন্দেহে ফিট বিদ্যা বালান।
বিদ্যা নাকি চিত্রনাট্য পড়েই ‘হ্যাঁ’ বলে দেন। তিনি নিজেও দারুণ উৎসাহিত এমন একটি ঐতিহাসিক কাহিনির অংশ হতে পেরে। পরিচালক রীতেশও খুবই উচ্ছ্বসিত বিদ্যার মতো প্রতিভাবান একজনকে পরিচালনা করার সুযোগ পেয়ে। ইতিমধ্যেই নাকি লুক টেস্টও সেরে ফেলেছেন বিদ্যা এবং আগামী দুই সপ্তাহের মধ্যেই শুটিংয়ে যোগ দেবেন।
অন্যদিকে বাকিদের নিয়ে চলছে জোরকদমে ‘রাজা শিবাজি’র শুটিং, আর নির্মাতারা বদ্ধপরিকর ২০২৬ সালের ১ মে ছবিটি মুক্তি দেওয়ার। শুধু মারাঠি নয়, গোটা ভারতের দর্শকদের মন ছুঁতে চলেছে ‘রাজা শিবাজি’। কারণ, ছত্রপতি শিবাজি মহারাজের গল্প শুধু একটি চরিত্র নয়—একটা আবেগ, একটা আত্মগর্ব। আর সেই আবেগকে পর্দায় সঠিকভাবে তুলে ধরতেই এক জোট হয়েছে এই তারকা দল। ‘রাজা শিবাজি’ নিঃসন্দেহে হতে চলেছে আগামী সময়ের অন্যতম বিগ বাজেট এবং উচ্চাকাঙ্ক্ষী ঐতিহাসিক ছবি—যেখানে ইতিহাস, আবেগ আর তারকার ঝলক একসঙ্গে মিলবে এক মহাযাত্রায়।