কয়েক মাস আগে প্রযোজক রানা সরকার একটি ফেসবুক পোস্ট করেন। তিনি লেখেন, ‘ধূমকেতু রিলিজ হবে…‘খাদান’ আর ‘সন্তান’ দুটো সিনেমাই সুপারহিট হলে। দেব ও শুভশ্রী দুজনকেই সুপারহিট করতে হবে।’ তা যে নিছক মজা নয়, তা পরে বুঝেছিল ভক্তকূল। বক্সঅফিসে ‘খাদান’ এবং ‘সন্তান’, দুটি ছবির সাফল্য এসেছে। লক্ষ্মীলাভও কম ছিল না।

দেব-শুভশ্রী
শেষ আপডেট: 27 June 2025 11:27
দ্য ওয়াল ব্যুরো: কয়েক মাস আগে প্রযোজক রানা সরকার একটি ফেসবুক পোস্ট করেন। তিনি লেখেন, ‘ধূমকেতু রিলিজ হবে…‘খাদান’ আর ‘সন্তান’ দুটো সিনেমাই সুপারহিট হলে। দেব ও শুভশ্রী দুজনকেই সুপারহিট করতে হবে।’ তা যে নিছক মজা নয়, তা পরে বুঝেছিল ভক্তকূল। বক্সঅফিসে ‘খাদান’ এবং ‘সন্তান’, দুটি ছবির সাফল্য এসেছে। লক্ষ্মীলাভও কম ছিল না।
আর তাই, নিজের কথা রেখেছিলেন প্রযোজক রানা সরকার। ২৩ মে একেবারে সরকারিভাবে পোস্টার সমেত হয়েছিল পোস্ট। দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসান হল। জানানো হল, ১৪ অগাস্ট মুক্তি পেতে চলেছে, ‘ধূমকেতু’। এতগুলো বছর ধরে ভক্তদের প্রার্থনা, আর্জি কিংবা স্বপ্ন পূরণ হল দর্শকের। 'দেবশ্রী' জুটিকে অন্তত শেষবার বড় পর্দায় দেখতে চলেছেন তাঁরা।
‘ধূমকেতু’ ছবির প্রথম ঝলক ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘ধূমকেতু’-র টিজারে ধরা দিল পাহাড়ের কোলে প্রেমের স্নিগ্ধ দৃশ্য আর নায়ক-নায়িকার তীব্র কেমিস্ট্রি — যেখানে দু’জনের ঠোঁট ছোঁয়ার আগমুহূর্তের শিহরণ কাঁপিয়েছে দর্শকদের। ১৫ বছর পর পর্দায় কাছে এলেন দেব শুভশ্রী। শুধু কাছাকাছিই নয়, প্রেম এবং বিয়েও করলেন!

কিন্তু এরপর যেন যজ্ঞে ঘি ঢালার মতো অবস্থা শুরু হল, সোশ্যাল মিডিয়ায়। দেব-শ্রীর কেমিস্ট্রিতে ভেসে গেলেন দুই ফ্যানবেস। বারবার জানালেন, আবার দেখতে চাই দু’জনকে, একসঙ্গে, নতুন ছবিতে। এই যে বারবার বলা হচ্ছে ‘শেষ’ ছবি, এই কথাটাই মন মানতে চাইল না দর্শকদের। আর এই ‘শেষ ছবি’র বিষয়টি বোধহয় মানতে চাননি প্রযোজক রানা সরকারও।
আবার প্রযোজকের এক নতুন ফেসবুক পোস্ট—
ধূমকেতু বক্স অফিস ৩০ কোটি হলে দেব- শুভশ্রী সিনেমা আবার হবে...
Commit করেছিলাম খাদান ও সন্তান সুপারহিট হলে ধূমকেতু রিলিজ হবে।
আমার commitment আমি রেখেছি, আশা করি এবার আমাকে ভরসা করবে সবাই ।
আমি আবার commitment করলাম
আপনারা চ্যালেঞ্জ নিন
ঠিক আগের মতোই রানার ‘কমিটমেন্ট’ বাণী। তাহলে ‘ধূমকেতু’ই শেষ ছবি নয়। শেষ থেকেই আবার এক নতুন শুরু হতে পারে? তবে তার শর্তও তো রয়েছে, অনেকটা দায়িত্বও তুলে দিলেন বাঙালি দর্শকদের কাঁধে। ‘ধূমকেতু’ সফল হলেই নতুন ছবিতে দেখা যাবে ‘দেব-শ্রী’কে।
দ্য ওয়াল-এর এক সাক্ষাৎকারে শুভশ্রীর সামনে প্রশ্ন রাখা হয়, ‘পরান যায় জ্বলিয়া রে’র মতো ছবি করতে চাইবেন কি শুভশ্রী? যা একেবারে ‘massy’ ছবি। নাচগানে ভরপুর। শুভশ্রী বললেন, ‘আপনি যে ছবির কথা বলছেন অর্থাৎ ‘পরান যায় জ্বলিয়া রে’ একেবারে পারফেক্ট এগজ্যাম্পল। ছবিতে অ্যানা, যে চরিত্রটি ছিল। সেটা অনেক বড় ছিল। অনেক কিছু করার ছিল। ‘পরান যায়’-এর মতো বিষয় নিয়ো কোনও ছবি আমার কাছে আসে, নিশ্চয়ই করব।’

এখানেই থামেননি না শুভশ্রী, ‘আমি ওই ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি। আমায় এক্ষুণি যদি ‘ঝিঙ্কু নাকুড়‘ গান চালিয়ে দাও, আমি ঠিক আগের মতো এনার্জি কিংবা তার থেকেও বেশি এনার্জিতে নাচতে পারব! কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ গল্প এবং সে গল্পে নারী চরিত্রটি কতটা বিশেষ হয়ে উঠছে। শুধু চারটে গানের জন্য একাট বাণিজ্যিক ছবি করতে পারব না!’
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘পরান যায় জ্বলিয়া রে’ ছিল সুপারহিট! তাহলে কি ‘পরান যায় জ্বলিয়া রে’র মতো ছবিতে আবার ফিরতে পারেন দেব-শুভশ্রী! এর উত্তর দিতে পারে সময়।