
শেষ আপডেট: 23 August 2023 07:29
দ্য ওয়াল ব্যুরো: বলি দুনিয়ায় আসার প্রথম দু’বছরের মধ্যেই যে সাফল্য পেয়েছেন অভিনেত্রী আমিশা প্যাটেল (Ameesha Patel), তা বোধহয় আর কেউ পাননি। ২০০০ সালে হৃতিকের বিপরীতে ‘কাহো না প্যায়ার হে’ দিয়ে ডেবিউ। এরপরের বছর সানি দেওলের সঙ্গে ‘গদর: এক প্রেম কথা’য় অভিনয়। দু’টি ছবিই সুপার-ডুপার হিট তকমা পেয়েছিল বক্স অফিসে। বলিউডের কালজয়ী দুই সিনেমা। একজন নতুন অভিনেত্রীর কাছে এই সাফল্য আকাশের চাঁদ পাওয়ার সমান। আর সেই কারণেই নাকি পরিচালক সঞ্জয় লীলা বনশালি (Sanjay Leela Bhansali) আমিশাকে বলেছিলেন, ‘এবার তোমার অবসর নিয়ে নেওয়া উচিত।’
আমিশা বলেন, “২০০০ আর ২০০১, পরপর দু’বছর দু’টো ছবির সাফল্য আমি খুবই উপভোগ করছিলাম। এমন সময় একদিন আমি পরিচালক সঞ্জয় লীলা বনশালির কাছ থেকে একটি চিঠি পাই। তিনি ‘গদর’ দেখে সেই চিঠিটি লিখেছিলেন। তাতে লেখা ছিল, আমার অভিনয় ওঁর খুবই ভাল লেগেছে। খুবই উচ্ছ্বসিত তিনি। কিন্তু পরে যখন বনশালির সঙ্গে সামনাসামনি দেখা হয়, তখন উনি বলেন, এবার আমার অবসর নেওয়া উচিত। আমি বুঝতে না পেরে জিজ্ঞাসা করি, ‘কেন স্যার?’ তখন তিনি বলেন, ‘কারণ তুমি মাত্র দু’টি ছবিতেই যা অর্জন করে নিয়েছ, তা অন্যান্য অভিনেত্রীরা সিনেমাজগতে পুরো কেরিয়ারেও পান না। ‘মুঘল-ই-আজম’, ‘মাদার ইন্ডিয়া’, ‘শোলে’র মতো ‘গদর’-ও বলিউডের ইতিহাসে অনন্য সৃষ্টি হয়ে থাকবে।’ তখন আমি ছোট ছিলাম। তাই এই কথার গুরুত্বটা বুঝতে আমার অনেক সময় লেগেছিল।”
‘কহো না প্যায়ার হে’ আর ‘গদর: এক প্রেম কথা’র পর আমিশাকে ‘ভুল ভুলাইয়া’, ‘হামরাজ’, ‘থোড়া প্যায়ার থোড়া ম্যাজিক’, ‘রেস’-সহ একাধিক ছবিতে দেখা গিয়েছে। কখনও নায়িকার ভূমিকায়, কখনও আবার পার্শ্ব চরিত্রে। কিন্তু প্রথম দু’টি ছবির মতো সাফল্য তিনি আর পাননি। তবে এতবছর পর ‘গদর ২’ দিয়েই কেরিয়ারের সবচেয়ে বড় হিটের মুখ দেখলেন আমিশা। কিন্তু হিট না পেলেও বড় বড় তারকাদের সঙ্গে ছবির অফার কিন্তু পরপর পেয়েই গিয়েছেন অভিনেত্রী। শাহরুখের বিপরীতে ‘চলতে চলতে’, সলমনের সঙ্গে ‘তেরে নাম’, সঞ্জয় দত্তের সঙ্গে ‘মুন্নাভাই এমবিবিএস’-এর মতো সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু হাতে একাধিক কাজ থাকায় সবক’টি ছবির প্রস্তাবই ফিরিয়ে দিয়েছিলেন আমিশা। যদিও তা নিয়ে কোনও অনুশোচনা নেই অভিনেত্রীর।
গদর টু-র বক্স অফিস কালেকশন ৩০০ কোটি, জেলার ৪৭০ কোটি, দেবের ব্যোমকেশ ধুঁকছে দেড় কোটিতে