এবার তিনি ছোট পর্দায় ফিরলেন কিন্তু লক্ষ্য আরও অনেক বড়। ১৫০ পর্বের হিন্দি সিরিয়ালে কাজ করছেন তিনি।

শেষ আপডেট: 15 July 2025 13:18
দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ার প্রতিমা মুখ অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। ২০০৮ সালে স্টার জলসার প্রথম আধ্যাত্মিক সিরিয়াল 'দুর্গা' দিয়েই ইন্ডাস্ট্রিতে আসেন সন্দীপ্তা। দুর্গার মতো মুখের জোরেই জনপ্রিয়তার শিখরে ওঠেন তিনি। তবে তাঁর অভিনয়ের ধারও ছিল। 'দুর্গা' (Durga Serial) নামেই জনপ্রিয় ছিলেন তিনি।
কিন্তু সিরিয়াল শেষ হতেই দুর্গার খোলস ছেড়ে সন্দীপ্তা সেন হয়েই তিনি একের পর এক কাজ করে ছোট পর্দায় সুনাম অর্জন করেন। তবে বেশ কয়েক বছর ছোট পর্দার থেকে দূরে রয়েছেন তিনি। এবার বিরতির পর আবার টেলিভিশনে ফিরছেন তিনি। তবে এই ফেরা আরও বড় ভাবে। বাংলা সিরিয়াল নয়, খোদ বলিউডের হিন্দি সিরিয়ালে (Hindi Serial) নায়িকার ভূমিকায় সুযোগ পেয়েছেন সন্দীপ্তা সেন। যা সত্যি বড় খবর।

শহরে চলছে সন্দীপ্তা সেন অভিনীত 'ভূতপূর্ব' সিনেমা। অ্যানথোলজি ছবির তৃতীয় গল্প 'শিকার' এ নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সন্দীপ্তা। ছবি ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে। সেখানে এক অপরূপা বিধবার চরিত্রে সাড়া ফেলেছে সন্দীপ্তার অভিনয়। অন্যদিকে শহরে চলছে তাঁর অভিনীত আর একটি ছবি 'আপিস'। সেখানেও এক ওয়ার্কিং ওম্যানের চরিত্রে প্রশংসিত হয়েছে সন্দীপ্তার অভিনয়। সঙ্গে চর্চিত হয়েছে তাঁর বেশ কিছু ওয়েব সিরিজ। এবার তিনি ছোট পর্দায় ফিরলেন কিন্তু লক্ষ্য আরও অনেক বড়। ১৫০ পর্বের হিন্দি সিরিয়ালে কাজ করছেন তিনি।
স্টার প্লাসে আসতে চলেছে নতুন ধারাবাহিক। প্রযোজনায় এসভিএফ। এই ধারাবাহিকের গল্প হতে চলেছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর ‘নষ্টনীড়’ সিরিজকে কেন্দ্র করে। এই সিরিজের গল্পকেই পর্দায় ফুটিয়ে তুলতে চলেছে স্টার প্লাসের আসন্ন ধারাবাহিক।
‘নষ্টনীড়’-এর মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল সন্দীপ্তা সেন ও সৌম্য বন্দ্যোপাধ্যায়কে। আসন্ন হিন্দি ধারাবাহিকেও মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন সন্দীপ্তা সেন। তাঁর বিপরীতে দেখা যাবে হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ অহম শর্মা ও বিশাল আদিত্য সিং-কে।

চূড়ান্ত হয়েছে এই ধারাবাহিকের চিত্রনাট্য। প্রথমে ১৫০ পর্বের জন্য তৈরি হতে চলেছে এই মেগা। জনপ্রিয়তা বাড়লে আরও বাড়ানো হবে সিরিয়ালের পর্ব। চণ্ডীগড়ে হতে চলেছে এই মেগার শুটিং। কদিন পর চণ্ডীগড়ে আউটডোরে পাড়ি দেবেন অভিনেত্রী। হিন্দি মেগাতে নায়িকার চরিত্রে সর্বভারতীয় ক্ষেত্রে সন্দীপ্তা এখন নিজের জায়গা করতে পারেন কিনা সেটাই দেখার।