সম্প্রতি মুম্বইয়ে দেখা গেল কমেডিয়ান সময় রায়না এবং কনটেন্ট ক্রিয়েটর অপূর্বা মুখিজা ওরফে ‘দ্য রেবেল কিড’-কে।

ফাইল চিত্র
শেষ আপডেট: 15 May 2025 20:14
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি মুম্বইয়ে দেখা গেল কমেডিয়ান সময় রায়না এবং কনটেন্ট ক্রিয়েটর অপূর্বা মুখিজা ওরফে ‘দ্য রেবেল কিড’-কে। বুধবার রাতে একসঙ্গে দেখা যায় তাঁদের, যা ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। ইনস্টাগ্রাম স্টোরিতে সেই মুহূর্তের একটি ছবি শেয়ার করেছেন সময়। ছবিতে অপূর্বাকে হাসিমুখে সাময়ের সঙ্গে টোস্ট করতে দেখা যায়। পরনে ছিল সাদা পোশাক, আর তার সহজ-সরল উপস্থিতিতেই নজর কেড়েছেন তিনি।
যদিও সময় ওই পোস্টে কোনও ক্যাপশন লেখেননি, শুধু অপূর্বাকে ট্যাগ করেছিলেন। জানা যাচ্ছে, ভারতের বিতর্কিত ওয়েব শো 'India’s Got Latent'-এর পর এই প্রথম তাঁদের একসঙ্গে দেখা গেল। এ বছরের শুরুতে এক পর্বে ইউটিউবার রণবীর আল্লাবাদিয়া এক প্রতিযোগীকে অশালীন প্রশ্ন করেন। সেই ঘটনার জেরে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। এরপর একাধিক এফআইআর দায়ের হয় সময়, রণবীর এবং শো নির্মাতাদের বিরুদ্ধে।
তবে সময় ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন। সম্প্রতি ঘোষণা করেছেন আন্তর্জাতিক কমেডি ট্যুরের। জুনের ৫ তারিখ জার্মানির কোলনে যাত্রা শুরু হবে, আর শেষ হবে জুলাইয়ের ২০ তারিখ অস্ট্রেলিয়ার সিডনিতে। এই সফরে ইউরোপ, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ঘুরবেন তিনি।
অন্যদিকে, অপূর্বাও সোশ্যাল মিডিয়ায় ফিরেছেন কিছুদিন আগে। নিজের মানসিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেছিলেন, বিতর্কের পরে তিনি রাতের পর রাত ঘুমোতে পারছিলেন না। তাঁর কথায়, “প্রতিদিন ঘুম থেকে উঠলেই নতুন কিছু ঘটছিল। ভয় করত। বন্ধুরাই আমাকে সাহস দিয়েছে, পাশে থেকেছে। ওদের ভরসা ছিল আমার উপর। আমি এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছি।”