
শেষ আপডেট: 21 July 2022 06:25
দ্য ওয়াল ব্যুরো: জাহ্নবী কাপুর এবং সারা আলি খানের পর 'কফি উইথ করণ সিজন ৭'-এর (Koffee With Karan) পরবর্তী পর্বে আসতে চলেছেন অক্ষয় কুমার (Akshay Kumar) এবং সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠানটি সম্প্রচার হবে ডিজনি প্লাস হটস্টারে। সামান্থা এখন জাতীয় ক্রাশ বলাই চলে। সঙ্গে আবার বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। তার ওপর সঞ্চালকের নাম করণ জোহর। তাই এই পর্বটি যে অন্যতম সেরা আকর্ষণ হতে চলেছে দর্শকদের কাছে, তা বলাই বাহুল্য।
গতকাল করণ এবং ডিজনি প্লাস হটস্টারের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে শুরুতেই দেখা যায়, সামান্থাকে কোলে তুলে অনুষ্ঠান মঞ্চে (Koffee With Karan) আসছেন অক্ষয় কুমার। এরপরে করণকে প্রশ্ন করতে শোনা যায় বিয়ে নিয়ে। পাল্টা সামান্থাও (Samantha Ruth Prabhu) মজা করে বলেন, "তুমিই সকলের অসুখী বিবাহের কারণ।" কিন্তু এমন কথা কেন? সামান্থা ব্যাখ্যা দিয়ে বলেন, 'করণই সিনেমা বানিয়েছিলেন কভি খুশি কভি গম। এটাই তো জীবন।'
র্যাপিড ফায়ার রাউন্ডেও করণের একের পর এক প্রশ্নে ছক্কা হাঁকান দুই অতিথিই। অক্ষয়কে (Akshay Kumar) জিজ্ঞাসা করে, 'ক্রিস রক যদি তাঁর স্ত্রী টুইঙ্কল খান্নাকে নিয়ে রসিকতা করেন, আপনি কী করবেন?' বিন্দুমাত্র সময় না নিয়ে দ্রুত উত্তর দেন খিলাড়ি কুমার। অক্ষয় বলেন, 'আমি তার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য টাকা দান করব।'
এরপর সামান্থাকে প্রশ্ন করেন করণ। তাঁকে জিজ্ঞাসা করা হয়, 'আপনি যদি ব্যাচেলর পার্টির আয়োজন করেন, তাহলে সেখানে নাচের জন্য কোন দুই বলিউড তারকাকে নিয়ে যাবেন?' আন্তাভা গার্ল চটপট উত্তর দেন, 'রণবীর সিং এবং রণবীর সিং'।
আমার সিনেমাগুলি পছন্দ করতেন না বাবা, ‘বকওয়াস’ বলতেন : রণবীর
বুধবার বেলা ১২টা নাগাদ ডিজনি প্লাস হটস্টারের তরফে আরও একটি ভিডিও (Koffee With Karan) পোস্ট করা হয় এই অনুষ্ঠানের। সেখানে দুই তারকাকে 'ও আন্তাভা' গানে নাচ করতেও দেখা যায়। যেই গানে গতবছরের শেষে কোমর দুলিয়েছিল গোটা ভারতবর্ষ, এবার সেই গানেই করণ জোহরের মঞ্চ মাতিয়ে দিলেন অক্ষয় ও সামান্থা।