দেশাত্মবোধের সুরে ‘মাতৃভূমি’, কিন্তু সলমনের পারফরম্যান্সে কেন হতাশ একাংশ দর্শক?

ব্যাটল অফ গালওয়ান
শেষ আপডেট: 24 January 2026 17:13
দ্য ওয়াল ব্যুরো: সাধারণতন্ত্র দিবসের ঠিক আগেই গানে গানে দেশাত্মবোধের আবহ তৈরি করলেন অরিজিৎ সিং (Arijit Singh)। ব্যাটল অফ গালওয়ান (Battle of Galwan) ছবির নতুন গান ‘মাতৃভূমি’-তে দেশপ্রেমের সুর বেঁধেছেন বাংলার ‘ঘরের ছেলে’। গানের দৃশ্যায়নে দেখা গিয়েছে সলমন খানকে (Salman Khan), যিনি মাতৃভূমির জন্য বাঁচার, প্রয়োজনে প্রাণ দিতে পারেন। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই গানটি ভাইরাল হয়েছে। দ্রুতগতিতে বেড়ে চলেছে ভিউ।
শুরু থেকেই সলমন খানের অ্যাকশনধর্মী ছবি ব্যাটল অফ গালওয়ান নিয়ে অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে। কারণ, ২০২০ সালের গালওয়ান ভ্যালির ভারত-চিন সংঘাতকে কেন্দ্র করেই তৈরি এই ছবি। এখানে সলমন অভিনয় করছেন কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর ভূমিকায়, যিনি সংঘর্ষের সময় ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। সেনা অফিসারের চরিত্রে নিজেকে মানিয়ে নিতে শুটিংয়ের আগে কড়া প্রস্তুতি নেন ভাইজান। নিয়মিত প্রেশার চেম্বারে অনুশীলন, ঘাম ঝরানো ট্রেনিং এবং দৈনন্দিন খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনেন তিনি। নতুন এই অবতারে সলমনকে বড়পর্দায় দেখার অপেক্ষায় দর্শকরা। তবে অধিকাংশ দর্শক অসন্তুষ্ট সলমনের পারফরম্যান্স দেখে। অনেকে এই বিষয়ে অনেক মন্তব্যও করেছেন।
গত ২৭ ডিসেম্বর নিজের জন্মদিনে বহু প্রতীক্ষিত এই দেশাত্মবোধক ছবির টিজার প্রকাশ্যে এনেছিলেন সলমন খান। তবে পরিচালক অপূর্ব লাখিয়ার ছবির সেই টিজার নিয়েও বিতর্কের অভাব হয়নি। বাস্তবে গালওয়ান সংঘর্ষে ভারতীয় সেনার কাছে চিনা সেনাবাহিনী বড়সড় ধাক্কা খেয়েছিল। সিনেমার পর্দায় ভারতীয় সুপারস্টারের হাতে ‘লাল ফৌজ’-এর পরাজয় দেখানোয় তীব্র প্রতিক্রিয়া আসে বেজিংয়ের তরফে। চিনের দাবি ছিল, “বিকৃত তথ্যের মাধ্যমে এই ছবি ভারতীয় জাতীয়তাবাদ উসকে দিচ্ছে এবং চিনা সামরিক বাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা করছে।” এমনকি চিনা সংবাদমাধ্যমে ব্যাটল অফ গালওয়ান ছবিকে ভারতের জাতীয়তাবাদী উসকানির ‘অস্ত্র’ বলেও কটাক্ষ করা হয়।
এই সব বিতর্কের মাঝেই এবার ছবির নতুন গান ‘মাতৃভূমি’ দর্শকদের মধ্যে আলাদা করে সাড়া ফেলেছে। দেশপ্রেমে ভর করা এই গান সাধারণতন্ত্র দিবসের আবহে আরও একবার আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে ব্যাটল অফ গালওয়ান ছবিকে।