স্মৃতি মন্দানার সঙ্গে সম্পর্ক থাকাকালীন প্রতারণার অভিযোগ পলাশ মুচ্ছলের বিরুদ্ধে। বিয়ের দিন অন্য মহিলার সঙ্গে ধরা পড়ার দাবি ঘিরে তোলপাড়, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সুরকারের।

পলাশ মুচ্ছল
শেষ আপডেট: 24 January 2026 16:12
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি বলিউডের জনপ্রিয় সুরকার ও প্রযোজক পলাশ মুচ্ছলের (Palash Muchhal) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন অভিনেতা ও প্রযোজক বিদনয়ন। তাঁর দাবি, ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা স্মৃতি মন্দানার সঙ্গে সম্পর্কে থাকাকালীন প্রতারণা করেছেন পলাশ। এমনকি স্মৃতি ও পলাশের নির্ধারিত বিয়ের দিনই সুরকারকে অন্য এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিদনয়ন দাবি করেন, বিয়ের অনুষ্ঠান চলাকালীনই পলাশকে হাতেনাতে ধরা হয়েছিল। তাঁর কথায়, অন্য এক মহিলার সঙ্গে বিছানায় মাখামাখি অবস্থায় ছিলেন পলাশ। পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে উঠেছিল যে, সেখানে উপস্থিত ভারতীয় মহিলা ক্রিকেটাররা ক্ষোভে পলাশকে মারধরও করেন বলে দাবি বিদনয়নের।
এই বিস্ফোরক অভিযোগ সামনে আসার পর এবার পাল্টা প্রতিক্রিয়া দিলেন পলাশ মুচ্ছল নিজেই। শুক্রবার ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট করে তিনি সাফ জানিয়ে দেন, তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগই সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যে। পলাশ লেখেন, সংলির বাসিন্দা বিদনয়ন সোশ্যাল মিডিয়া ও সাক্ষাৎকারে যে সমস্ত কথা বলেছেন, তা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্যই ছড়ানো হচ্ছে।
পোস্টে পলাশ আরও জানান, বিষয়টি তিনি মোটেই হালকাভাবে নিচ্ছেন না। তাঁর আইনজীবী শ্রেয়াংশ মিথারে গোটা বিষয়টি খতিয়ে দেখছেন এবং কীভাবে আইনি পথে এই অভিযোগের মোকাবিলা করা যায়, তা নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। পলাশের স্পষ্ট বক্তব্য, সঠিক আইনি পদক্ষেপের মাধ্যমেই এই মিথ্যা অভিযোগের জবাব দেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৫ সালের শেষ দিকে স্মৃতি মন্দানার সঙ্গে পলাশ মুচ্ছলের বিয়ে হওয়ার কথা ছিল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আংটি পরিয়ে স্মৃতিকে প্রোপোজও করেছিলেন পলাশ। কিন্তু নির্ধারিত বিয়ের দিনে প্রথমে শোনা যায় স্মৃতির বাবার অসুস্থতার কথা, পরে জানা যায় পলাশ নিজেও হাসপাতালে ভর্তি। সেই সময় বিয়ে পিছিয়ে দেওয়ার ঘোষণা করা হয়।
তবে ঠিক সেই সময় থেকেই অন্য এক গুঞ্জন ছড়াতে শুরু করে। জানা যায়, ওই বছরই পলাশ অন্য এক মহিলাকে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। বিষয়টি নিয়ে ব্যাপক কাটাছেঁড়া চলে। শেষ পর্যন্ত স্মৃতি ও পলাশের সম্পর্ক ভেঙে যায়। সেই ঘটনার মাস ঘোরার আগেই এবার বিদনয়নের এই অভিযোগ নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।
বিদনয়নের বক্তব্য অনুযায়ী, “২৩ নভেম্বর বিয়ের অনুষ্ঠান চলাকালীনই ওকে হাতেনাতে ধরা হয়। পরিস্থিতি ভয়ানক ছিল। গোটা পরিবারই প্রতারণা করেছে।” তাঁর এই দাবিকে অনেকেই বিশ্বাসযোগ্য বলে মনে করছেন, বিশেষ করে অতীতে ঘটে যাওয়া ঘটনাক্রমের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন অনেকে।