রেকর্ড গড়লেন ভাইজান! মাত্র ৪৫ দিনেই শেষ সলমন খানের ব্যাটেল অফ গালওয়ান-এর শুটিং। নতুন লুকেও চমক দিলেন সুপারস্টার।

রেকর্ড গড়লেন ভাইজান!
শেষ আপডেট: 19 September 2025 12:56
দ্য ওয়াল ব্যুরো: সলমন খান মানেই আড়ম্বর, বিদেশি লোকেশনে টানা মাসের পর মাস শুটিং। কিন্তু এবার যেন সেই রুটিন ভাঙলেন বলিউড সুপারস্টার। মাত্র দেড় মাসেরও কম সময়ে, ঠিক ৪৫ দিনেই শেষ করলেন তাঁর নতুন ছবি ব্যাটেল অফ গালওয়ান-এর শুটিং। বৃহস্পতিবার রাতে লাদাখ থেকে মুম্বই ফিরেই আবার নতুন লুকে চমকে দিলেন ভক্তদের।
ছবিতে আর্মি অফিসারের চরিত্রে অভিনয়ের জন্য গোঁফ রেখেছিলেন ভাইজান। কিন্তু শুটিং মিটতেই হাজির হলেন একেবারে ক্লিন শেভ লুকে। পরিচালক অপূর্ব লাখিয়া শেষ দিনের শুটিংয়ের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সেখানেই ধরা পড়েছে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ৪৫ দিনে কীভাবে শেষ হলো এত বড় মাপের ছবির কাজ। নিঃসন্দেহে টিমের কাছে এটি এক বিশাল সাফল্য।
২০২০ সালের গালওয়ান সংঘাত অবলম্বনে তৈরি হচ্ছে এই সিনেমা। ভারতীয় সেনার কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে দেখা যাবে সলমন খানকে। সেই চরিত্র ফুটিয়ে তুলতে তিনি করেছেন কঠোর প্রস্তুতি। শুটিংয়ের আগে নিয়মিত প্রেশার চেম্বারে অনুশীলন, বদল এনেছিলেন খাদ্যাভ্যাসেও। এবার পর্দায় তাঁর সেই রূপায়ণ কতটা সফল হয়, তাকিয়ে থাকবে দর্শক। জানা গিয়েছে, লেহ-লাদাখে শুটিংয়ের সিংহভাগ শেষ হলেও কিছু অংশ মুম্বইতে হবে।
ছবিতে সলমনের বিপরীতে নায়িকার ভূমিকায় রয়েছেন চিত্রাঙ্গদা সিং। শুটিং চলাকালীন লাদাখে স্থানীয় লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সলমন। এমনকি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও দেখা করেন তিনি। সময় কাটান সীমান্তে কর্মরত জওয়ানদের সঙ্গে।