গত ২৫ বছর ধরে বাইরে ডিনারে যাননি সলমন খান। রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে নিজের জীবন নিয়ে কথা বললেন ভাইজান।

সলমন খান
শেষ আপডেট: 14 December 2025 16:05
দ্য ওয়াল ব্যুরো: বলিউড ভাইজান সলমন খান (salman khan)। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলতে দেখা যায় না তাঁকে। তবে সম্প্রতি এক চমকপ্রদ তথ্য সামনে এনেছেন তিনি। অভিনেতা জানিয়েছেন, গত ২৫ বছর ধরে তিনি ডিনারের জন্য বাইরে যাননি। ‘দাবাং’ খানের কথায়, তাঁর জীবন এখন মূলত কাজ আর এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতের মধ্যেই থাকে। সলমন নিজেই বলেন, “বস ঘর সে শ্যুটিং, বিমানবন্দর, ইয়া হোটেল।”
বৃহস্পতিবার রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলেন সলমন খান। সেখানেই নিজের জীবন ও কেরিয়ার নিয়ে নানা অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি। সেই সেশনের একাধিক ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে।
কথোপকথনের সময় সলমন তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের হারানোর প্রসঙ্গও তোলেন। অভিনেতার কথায়, “আমার জীবনের বেশিরভাগ সময় কেটেছে পরিবার আর বন্ধুদের ঘিরে। কিন্তু এখন তাঁদের অনেকেই আর নেই। মাত্র ৪-৫ জন আছেন, যাঁরা বহু বছর ধরে আমার সঙ্গে রয়েছেন।”
নিজের দৈনন্দিন রুটিন প্রসঙ্গে সলমন আরও বলেন, “২৫-২৬ বছর হয়ে গিয়েছে আমি ডিনারে যাইনি। শ্যুটিং থেকে ঘর, ঘর থেকে বিমানবন্দর, বিমানবন্দর থেকে হোটেল, আর হোটেল থেকে এখানে—এই নিয়েই আমার জীবন।”
এই জীবনধারা নিয়ে তাঁর কখনও অনুশোচনা হয় কি না, সেই প্রশ্নে সলমনের জবাব ছিল স্পষ্ট। তিনি বলেন, “আমি তেমন আপত্তি করি না। এটা হতে পারত তুমি ঘুরে বেড়াবে, কিন্তু এই খ্যাতি আর ভালোবাসা পাবে না। সেটা আমি চাই না। এত সম্মান, এত ভালবাসা পাই—তার জন্যই আমরা এত কষ্ট করি। এতেই আমার আত্মতুষ্টি হয়। সেটাই উপভোগ করি আর ভাবি, ভবিষ্যতে কী হতে চলেছে।”
উল্লেখ্য, এটি সলমন খানের দ্বিতীয়বার রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ। এই উৎসবেই তিনি হলিউড তারকা জনি ডেপের সঙ্গে দেখা করেন। পাশাপাশি, ধবার চলচ্চিত্র উৎসবে আয়োজিত গোল্ডেন গ্লোব গালা ডিনারেও অংশ নেন অভিনেতা। বুধবারের সেই নৈশভোজের বেশ কয়েকটি ছবি চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। ছবিতে সলমনকে ইদ্রিস এলবা, এডগার রামিরেজ-সহ অন্যান্য অতিথিদের সঙ্গে দেখা গিয়েছে।
কাজের দিক থেকে সলমন খানকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল ‘সিকান্দার’ ছবিতে। ছবিটি প্রত্যাশিত সাড়া পায়নি এবং বক্স অফিসেও বিশেষ প্রভাব ফেলতে পারেনি। এরপর আরিয়ান খানের পরিচালনায় তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডঅ্যাস অফ বলিউড’-এ কেমিও চরিত্রে অভিনয় করেন তিনি। মাঝে তিনি ‘বিগ বস ১৯’-এর সঞ্চালনাতেও ব্যস্ত ছিলেন।
আগামী দিনে সলমন খানকে দেখা যাবে ‘ব্যাটেল অফ গলওয়ান’ ছবিতে। এই ছবিতে ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চিনা সেনার মধ্যে সংঘটিত সংঘর্ষের ঘটনা তুলে ধরা হবে।