সলমন খান আর বিয়ে—এই দুটো শব্দ যেন ভক্তদের মনে বারবার একই প্রশ্ন তুলে আনে, ভাইজান কবে সাতপাকে বাঁধা পড়বেন?

সলমন খান
শেষ আপডেট: 22 June 2025 18:09
দ্য ওয়াল ব্যুরো: সলমন খান আর বিয়ে—এই দুটো শব্দ যেন ভক্তদের মনে বারবার একই প্রশ্ন তুলে আনে, ভাইজান কবে সাতপাকে বাঁধা পড়বেন? আদৌ পড়বেন তো? বয়স প্রায় ছুঁয়েছে ৬০, বলিউডের সহকর্মীরা যেখানে সন্তানদের স্কুলে ভর্তি করাতে ব্যস্ত, সলমন সেখানে দিব্যি একা, এবং সেই একাকিত্বেই তিনি বেজায় খুশি।
সম্প্রতি Netflix-এর জনপ্রিয় শো দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-তে হাজির হয়ে সলমন খান তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে একগুচ্ছ খোলামেলা কথা বললেন। মজার ছলে অনেক কিছু বললেও তাঁর কথার আড়ালে ছিল বাস্তব জীবনের কড়া সত্যি—বিয়ের পরবর্তীতে যা ঘটে, তা দেখেই তিনি বিয়ে থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে চান।
সলমনের মতে, আজকের দিনে বিয়ের থেকে ডিভোর্সের সংখ্যা বেশি। কেউ কেউ এক-দু’বছরের মাথাতেই সম্পর্ক ছিন্ন করছেন, কেউ আবার ১৬-২০ বছরের সংসার পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, ডিভোর্সের পর মোটা অঙ্কের খোরপোষের দায়ভারও থাকে স্বামীর ঘাড়ে। এই বাস্তবতা মাথায় রেখেই ভাইজান বুঝেছেন—বিয়ে না করাটাই এখন ‘স্মার্ট’ সিদ্ধান্ত!
বিয়ের প্রসঙ্গ উঠতেই স্বাভাবিকভাবেই উঠে এল তাঁর দুই ভাই—আরবাজ ও সোহেল খানের বিবাহবিচ্ছেদের কাহিনি। একদিকে মালাইকার সঙ্গে দীর্ঘ দাম্পত্য ভেঙে গেছে আরবাজের, অন্যদিকে সোহেলের বিয়েও পরিণতি পায়নি। তাই ব্যক্তিগত অভিজ্ঞতা, পারিবারিক পরিস্থিতি সব মিলিয়ে বিয়ের ব্যাপারে সলমনের মনে তৈরি হয়েছে প্রবল অনীহা।
কপিল শর্মার সঙ্গে কথোপকথনে, সলমন এক পুরনো ঘটনার স্মৃতি রোমন্থন করেন। ফটোগ্রাফার অবিনাশ গোয়ারিকর কিছুদিন তাঁদের বাড়িতে ছিলেন, কারণ তিনি ভাড়া বাড়ি পাচ্ছিলেন না। পরে বাড়ি পেলেও সলমনের পরিবারের পরিবেশ এতটাই ভালো লেগেছিল যে তিনি আর না-ই যেতে চাইছিলেন। কিন্তু সোহেলের বিয়ের পর তাঁকে বেরিয়ে যেতে হয়। সলমন মজার ছলে বলেন, ‘আমার ভাই সোহেলের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিল, এখন আবার পালিয়ে গেছে।’
সিদ্ধু ও অর্চনা তো হেসে গড়িয়ে পড়লেন, কিন্তু সলমনের কথায় যেন একটা হতাশার ছায়া। মজা করেই হোক বা বাস্তব টেনে, স্পষ্টতই তিনি জানিয়ে দিলেন—বিয়ে? আপাতত সে পথে হাঁটার ইচ্ছা নেই ভাইজানের।