পাতাল লোক’—ওয়েব সিরিজ জগতের অন্যতম গা-ছমছমে ক্রাইম থ্রিলার। আর এই সিরিজেই কেন্দ্রীয় চরিত্রে জয়দীপ আহলাওয়াতের অভিনয় তাঁকে পৌঁছে দেয় নতুন মাত্রায়।

ইরফান খান ও জয়দীপ আহলাওয়াত
শেষ আপডেট: 21 June 2025 14:43
দ্য ওয়াল ব্যুরো: ‘পাতাল লোক’—ওয়েব সিরিজ জগতের অন্যতম গা-ছমছমে ক্রাইম থ্রিলার। আর এই সিরিজেই কেন্দ্রীয় চরিত্রে জয়দীপ আহলাওয়াতের অভিনয় তাঁকে পৌঁছে দেয় নতুন মাত্রায়। যে মানুষটিকে বলিউডের ‘আন্ডাররেটেড’ তালিকায় ফেলা হত, সেই মানুষই রাতারাতি হয়ে ওঠেন সবার পরিচিত মুখ। তবে সাফল্যের শিখরে পৌঁছেও জয়দীপের মনে ছিল এক অদ্ভুত শূন্যতা। এক তীব্র অভিমান—যেটি জুড়ে রয়েছে এক কিংবদন্তির সঙ্গে। তাঁর নাম ইরফান খান।
সম্প্রতি ফিল্মফেয়ারের সঙ্গে এক কথোপকথনে আবেগে ভেসে যান জয়দীপ। তিনি বলেন, “অনেক বছর ধরে শহরে ছিলাম, কাজও করছিলাম। যা কাজ পেয়েছি, সেটা নিয়ে কৃতজ্ঞও ছিলাম। কিন্তু ‘পাতাল লোক’-এর সিজন ১ মুক্তি পাওয়ার পর যা ফোন আর প্রশংসা পেয়েছি, তা যেন সত্যিই একটু বেশি হয়ে গিয়েছিল। খুব অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল।”
তিনি বলেন, ওই সময় সন্ধে ৯টা নাগাদ ফোন করেছিলেন অভিনেতা মনোজ বাজপেয়ী। অনেকক্ষণ কথা হয় তাঁদের। ফোন কেটে যাওয়ার পর হঠাৎ করে কান্না পেয়ে যায় জয়দীপের। তিনি জানান, “যাঁদের এতদিন ধরে শ্রদ্ধা করেছি, তাঁদের থেকে প্রশংসা পাওয়া—এই অনুভূতিটা নিজের মধ্যে গেঁথে যায়। মনে হয়েছিল, যেন সত্যিই স্বীকৃতি পেলাম।”
কেন ইরফান খানের নামে উৎসর্গ করেছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড?
জয়দীপ জানান, 'পাতাল লোক'-এর মুক্তির ঠিক ক'দিন আগেই মারা যান ইরফান খান। “২৯ এপ্রিল ইরফান স্যার চলে গেলেন। আর ১৫ মে মুক্তি পেল ‘পাতাল লোক’। সময়ের ব্যবধান—মাত্র কুড়ি দিনেরও কম। বারবার মনে হচ্ছিল, যদি উনি থাকতেন... অন্তত একটা ফোন তো করতেনই!” এই কষ্টটাই তখন বুকে গেঁথে গিয়েছিল জয়দীপের। সেই ‘মলাল’ থেকেই নিজের প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড উৎসর্গ করেন তিনি প্রিয় ইরফান খানের স্মৃতিকে।
এই ওয়েব সিরিজের প্রথম সিজনে এক হতাশ পুলিশ অফিসারকে দেখা গিয়েছিল, যে এক হত্যা-চক্রান্তের গভীরে গিয়ে আবিষ্কার করে এক জটিল সমাজব্যবস্থা। দ্বিতীয় সিজনে সেই চরিত্রে ফেরেন জয়দীপ আহলাওয়াত।