আরব সাগরের ধারে দাঁড়িয়ে থাকা বলিউড সম্রাট শাহরুখ খানের স্বপ্নের আবাস 'মন্নত'। যার প্রতি দিনের হাজার হাজার অনুরাগীর ভিড়—কেউ ছবি তুলছেন, কেউ হয়তো মন থেকে একবার দেখতে এসেছেন বাদশার প্রাসাদ।

'মন্নত'
শেষ আপডেট: 21 June 2025 14:23
দ্য ওয়াল ব্যুরো: আরব সাগরের ধারে দাঁড়িয়ে থাকা বলিউড সম্রাট শাহরুখ খানের স্বপ্নের আবাস 'মন্নত'। যার প্রতি দিনের হাজার হাজার অনুরাগীর ভিড়—কেউ ছবি তুলছেন, কেউ হয়তো মন থেকে একবার দেখতে এসেছেন বাদশার প্রাসাদ। কিন্তু সেই 'মন্নত'-কেই এবার ঘিরে তৈরি হয়েছে বিতর্কের ঝড়।
গত কয়েক মাস ধরে চলছে এই আইকনিক বাংলোর সংস্কার কাজ। কিন্তু অভিযোগ উঠেছে, এই কাজ চলাকালীন উপকূলীয় এলাকার নিয়ম, অর্থাৎ Coastal Regulation Zone (CRZ) বিধিনিষেধ মানা হয়নি। অভিযোগ এতটাই গুরুতর যে শুক্রবার বৃহন্মুম্বই পুরসভা (BMC) এবং মহারাষ্ট্র বন দফতর যৌথভাবে পৌঁছে যায় শাহরুখের বাংলোয়।
কী বলছে শাহরুখের পরিবার?
এই অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছে শাহরুখ ও গৌরীর টিম। তাঁদের সাফ জবাব—‘মহারাষ্ট্র কোস্টাল জ়োন ম্যানেজমেন্ট অথরিটি’-র অনুমতিই নিয়েই সংস্কারের কাজ চলছে। তবে কাগজপত্র ঠিকঠাক রয়েছে কি না, তা যাচাই করে দেখছেন আধিকারিকরা।
ঠিক কী হচ্ছে 'মন্নত'-এ?
জানা গিয়েছে, ১৯১৪ সালে তৈরি হওয়া 'মন্নত' আদতে একটি হেরিটেজ বিল্ডিং। সেই জায়গাতেই এখন শাহরুখ-গৌরীর বসবাস। আর এই হেরিটেজ সম্পত্তির একটি অ্যানেক্স বিল্ডিংয়ে দু'টি নতুন তলা যোগ করার কাজ চলছে। আর এখান থেকেই শুরু সব বিতর্ক।
কোথায় আপত্তি?
স্থানীয় বাসিন্দাদের এবং পরিবেশকর্মীদের একাংশের দাবি—নতুন নির্মাণ আরব সাগরের খুব কাছাকাছি, যা উপকূলীয় বাস্তুতন্ত্রের ক্ষতি করতে পারে। পাশাপাশি, সংস্কারের সময়ও নাকি হেরিটেজ নিয়ম লঙ্ঘন হচ্ছে। সাবেক আইপিএস অফিসার ওয়াই পি সিং বলেন, “মন্নত আটতলা করার অনুমতি শাহরুখের ছিল না। সেখানে ১২টি ফ্ল্যাট তৈরি হওয়ার কথা ছিল, সেই পরিকল্পনাও নাকি মানা হয়নি। BMC-এর সায় না থাকলে এতবড় কাজ চলতে পারে না।”
প্রশাসনের পদক্ষেপ
এই পরিস্থিতিতে শুক্রবার শাহরুখ খানের বাংলোয় পরিদর্শনে যান বন দফতর ও BMC আধিকারিকরা। এক বন দফতরের কর্তা জানিয়েছেন—“সংস্কারের অনুমতি আদৌ নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। রিপোর্ট জমা পড়বে পুরসভার কাছে।”
এখন নজর কোন দিকে?
BMC এবং বন দফতরের তদন্ত রিপোর্টে কী উঠে আসে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কিং খানের বাংলো যদি নিয়ম ভেঙেই নির্মাণ করে থাকে, তাহলে কড়া পদক্ষেপ হতে পারে—এমনটাই ইঙ্গিত মিলছে প্রশাসনের অন্দরমহল থেকে।