‘লাল সিং চাড্ডা’র পরবর্তী সিনেমা হিসেবে ‘সিতারে জমিন পর’ নিয়ে বলিউডে নানা আলোচনা চলছিল দীর্ঘদিন ধরেই। আমির খানের কামব্যাক ছবি কি আদৌ দর্শকের মন জয় করতে পারবে?

‘সিতারে জমিন পর’
শেষ আপডেট: 21 June 2025 11:37
দ্য ওয়াল ব্যুরো: ‘লাল সিং চাড্ডা’র পরবর্তী সিনেমা হিসেবে ‘সিতারে জমিন পর’ নিয়ে বলিউডে নানা আলোচনা চলছিল দীর্ঘদিন ধরেই। আমির খানের কামব্যাক ছবি কি আদৌ দর্শকের মন জয় করতে পারবে? Sacnilk-এর সর্বশেষ আপডেট বলছে, শুক্রবার মুক্তি পাওয়া এই স্পোর্টস ড্রামা সিনেমা খুব জাঁকজমকপূর্ণভাবে না হলেও, মোটামুটি স্থির গতিতে যাত্রা শুরু করেছে।
প্রাথমিক হিসেব অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই ভারতে ছবিটি আয় করেছে ১১.০৫ কোটি টাকা। হিন্দি সংস্করণের দর্শক উপস্থিতি ছিল গড়ে ১৭.৭৩ শতাংশ। সকালে দর্শক ছিল ১৬.৭৪%, বিকেলের শোগুলিতে একই রকম, এবং সন্ধ্যার শোগুলিতে তা বেড়ে দাঁড়ায় ২০.২১ শতাংশে।
তবে সাফল্যের নিরিখে এই সংখ্যা এখনও আমির খানের আগের ছবি ‘লাল সিং চাড্ডা’র চেয়েও পিছিয়ে। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত সেই ছবিটি প্রথম দিনেই আয় করেছিল ১১.৭ কোটি টাকা। অন্যদিকে, সদ্য মুক্তিপ্রাপ্ত সলমন খানের ‘সিকন্দর’ শুরুতেই তুলে নিয়েছে ২৬ কোটি টাকা—যা তুলনায় অনেকটাই বেশি।
‘সিতারে জমিন পর’ পরিচালনা করেছেন আরএস প্রসন্ন। ছবির মূল গল্প ঘুরে বেড়ায় ১০ জন বিশেষভাবে সক্ষম তরুণ-তরুণীর চারপাশে, যাদের বাস্কেটবল খেলার প্রশিক্ষণ দেন অমিতাভ (আমির খান)। এই ১০ চরিত্রে অভিনয় করেছেন আরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালি, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র ও সিমরান মঙ্গেশকর। সিনেমাটি স্প্যানিশ ছবি ‘ক্যাম্পিওনেস’-এর হিন্দি রিমেক। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা গিয়েছে জেনেলিয়া ডিসুজাকেও।
এই ছবির মুক্তির ফলে সবচেয়ে বেশি চাপে পড়েছে অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ ও অভিষেক বচ্চনের ছবি ‘হাউসফুল ৫’। মুক্তির ১৫তম দিনে এসে এই মাল্টিস্টারার সিনেমার আয় কমে দাঁড়িয়েছে মাত্র ১.৮৫ কোটি টাকা। বর্তমানে ছবিটির মোট ঘরোয়া আয় ১৬৯.৯৫ কোটি টাকা।