‘বিগ বস ১৯’-এ সলমন খানের ১৫০ কোটির পারিশ্রমিক ও পক্ষপাতের অভিযোগ নিয়ে মুখ খুললেন প্রযোজক ঋষি নেগি।

‘উইকেন্ড কা বার’
শেষ আপডেট: 30 October 2025 14:14
দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর সঞ্চালক সলমন খান প্রতি সিজনে কত টাকা পারিশ্রমিক নেন, তা নিয়ে প্রতি বছরই জল্পনা তৈরি হয়। সম্প্রতি গুজব উঠেছিল যে, 'বিগ বস ১৯'-এর জন্য অভিনেতা নাকি ১২০ থেকে ১৫০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। এই বিপুল পারিশ্রমিক এবং 'উইকেন্ড কা বার'-এ (Weekend Ka Vaar) সলমনের বিরুদ্ধে প্রতিযোগীদের প্রতি পক্ষপাতিত্বের পুরনো অভিযোগ—এই দু'টি বিষয় নিয়েই এবার মুখ খুললেন 'বিগ বস ১৯'-এর প্রযোজক ঋষি নেগি।
সলমন কি এপিসোডগুলি দেখেন?
ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে ঋষি নেগি জানিয়েছেন যে, সলমন খান শো-এর ফুটেজ দেখেই 'উইকেন্ড কা বার' এপিসোডটি সঞ্চালনা করেন।
ঋষি নেগি বলেন, "সলমন অবশ্যই এপিসোডগুলো দেখার চেষ্টা করেন। যদি তিনি পুরোটা দেখতে না পারেন, তবে উইকেন্ডে তিনি আমাদের সঙ্গে বসে এক বা দুই ঘণ্টার ফুটেজ দেখেন, যেখানে হাউসের সব বড় ঘটনা তুলে ধরা হয়। এছাড়া, তাঁর পরিচিত অনেকেই এই শো দেখেন এবং তাঁকে প্রতিক্রিয়া জানান।"
তিনি আরও বলেন, "হাউসে কী ঘটছে, প্রতিযোগীদের সঙ্গে কী হচ্ছে, তা নিয়ে সলমন খানের একটা নির্দিষ্ট মত থাকে। শো-এর নির্মাতা হিসেবে আমাদেরও একটা দৃষ্টিভঙ্গি আছে। পাশাপাশি, দর্শকদের কাছ থেকেও প্রচুর প্রতিক্রিয়া আসতে থাকে। এই সবটা মিলিয়েই আমরা উইকেন্ডের এপিসোডটি তৈরি করি।"
প্রতি বছর সলমনের পারিশ্রমিক ১৫০ থেকে ২০০ কোটি টাকা পর্যন্ত পৌঁছানোর গুজব নিয়ে প্রশ্ন করা হলে, ঋষি নেগি তার উত্তর দেন।
তিনি বলেন, "এই চুক্তি সলমন এবং জিওহটস্টারের মধ্যে হয়েছে, তাই আমি এই বিষয়ে কিছু জানি না। কিন্তু এই বিষয়ে যে গুজবই থাকুক না কেন, তাঁর প্রতিটি পয়সাই প্রাপ্য।"
প্রযোজনা সংস্থা যা বলে, সলমন শুধু তাই বলেন! এই অভিযোগটিও উড়িয়ে দেন ঋষি নেগি। তিনি জোর দিয়ে বলেন, "যারা সলমন খানকে চেনেন, তারা জানেন, তিনি যা বিশ্বাস করেন না, তা তাঁকে দিয়ে বলানো অসম্ভব। কোনও নির্দিষ্ট বিষয় ঠিক না ভুল, সে সম্পর্কে তাঁর নিজের মতামত আছে। আমরা আলোচনা করি, বিতর্ক করি এবং তারপরেই ফ্লোরে যাই।"
সলমন খান প্রায় প্রতি সিজনের শেষে ঘোষণা করেন যে, তিনি আর শো হোস্ট করবেন না! এই প্রসঙ্গে ঋষি নেগি জানান, "আমার মনে হয়, এখন এই শো-এর সঙ্গে তাঁর একটা গভীর আবেগিক যোগ তৈরি হয়েছে। মঞ্চে তাঁর আলোচনার ধরন বা কোনও 'মুদ্দা' (সমস্যা)-তে তাঁর জড়িয়ে যাওয়া দেখলেই তা বোঝা যায়- এটি ভেতর থেকে আসে।"