পেশায় মডেল বলে পরিচয় দিয়েছেন তিনি। তাঁর দাবি, ঋজু বিশ্বাস ইনস্টাগ্রামে তাঁর পোস্টে প্রথমে প্রশংসা করতে শুরু করেন। এরপর হোয়াটসঅ্যাপ নম্বর চেয়ে নেন, এবং সেখান থেকেই নাকি শুরু হয় অশালীন আচরণ।

ঋজু বিশ্বাস
শেষ আপডেট: 30 October 2025 11:23
দ্য ওয়াল ব্যুরো: বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ ঋজু বিশ্বাসকে (Riju Biswas) ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। এক সময় স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘বৌ কথা কও’–তে (Bou Katha Kow) ‘নিখিল’-এর চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন তিনি। মানালি দে-র সঙ্গে তাঁর অনস্ক্রিন কেমিস্ট্রি ছিল দর্শকদের প্রিয়। ‘মৌরি-নিখিল’ নামেই তাঁদের জুটি আজও অনেকের মনে গেঁথে আছে। কিন্তু সেই প্রিয় মুখই এবার এক চাঞ্চল্যকর অভিযোগের মুখে!
সোশ্যাল মিডিয়ায় (Social Media) ঝড় তুলেছেন এক তরুণী বৃষ্টি মণ্ডল। পেশায় মডেল বলে পরিচয় দিয়েছেন তিনি। তাঁর দাবি, ঋজু বিশ্বাস ইনস্টাগ্রামে তাঁর পোস্টে প্রথমে প্রশংসা করতে শুরু করেন। এরপর হোয়াটসঅ্যাপ নম্বর চেয়ে নেন, এবং সেখান থেকেই নাকি শুরু হয় অশালীন আচরণ।
বৃষ্টি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, “আমি সাধারণত এমন কিছু শেয়ার করি না, কিন্তু আজ সত্যিই বিরক্ত এবং ঘৃণিত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। এই মুখটা অনেকের চেনা — বাংলা সিরিয়ালের অভিনেতা ঋজু বিশ্বাস। প্রথমে ইনস্টাগ্রামে ভালো কথা বলে, তারপর হোয়াটসঅ্যাপ নম্বর চায়। আমি দিতে রাজি হই, কিন্তু পরে সে বারবার কল করতে জোর করে। আমি না বলায় রেগে যায়, বাজে ভাষায় কথা বলে, আর এখন উল্টে আমাকে সাইবার ক্রাইমে অভিযোগ করার হুমকি দিচ্ছে।”

বৃষ্টির এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে। কমেন্ট সেকশনে আরও বহু মেয়েরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে জানান, তাঁরাও নাকি একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। কেউ লিখেছেন, “আমাকেও বাজে প্রস্তাব দিয়েছিল, তারপর আমি ব্লক করি।” আবার কেউ লিখেছেন, “সে নিজেকে বড় তারকা ভাবে, অথচ মেয়েদের সঙ্গে নোংরা ব্যবহার করে।”
তবে নেটিজেনদের একাংশ বলছেন, অভিযোগগুলো যেহেতু এখনও প্রমাণিত নয়, তাই বিষয়টি বিস্তারিতভাবে তদন্ত হওয়া দরকার। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া পোস্টের ভিত্তিতে কারও ভাবমূর্তি নষ্ট করা উচিত নয়।
এই বিতর্কে আপাতত সম্পূর্ণ নীরব রয়েছেন অভিনেতা ঋজু বিশ্বাস। ফোনে তাঁকে ধরা যায়নি। তাঁর কোনও প্রতিক্রিয়া না মেলায় কৌতূহল আরও বাড়ছে। সত্যিই কি অভিযোগের পেছনে রয়েছে বাস্তবতা, নাকি সবটাই এক ভুল বোঝাবুঝি— সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। উত্তর পেতে অপেক্ষায় নেটদুনিয়া।