গণেশ চতুর্থীতে সপরিবারে বাপ্পার আরাধনায় যোগ দিলেন সলমন খান। হাতে আরতির থালা তুলে দিলেন সর্বধর্মের বার্তা। দেখুন ভাইজানের ভাইরাল লুক ও পারিবারিক পুজোর মুহূর্ত।

সলমন খান
শেষ আপডেট: 28 August 2025 15:15
দ্য ওয়াল ব্যুরো: প্রতি বছরই গণেশ চতুর্থীর দিনে সলমন খানের পরিবারে খুশির জোয়ার নামে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। বোন অর্পিতা খান শর্মার বাড়িতে গণপতি বন্দনায় যোগ দিলেন বলিউডের ভাইজান। ফুলে সজ্জিত বাপ্পার অপরূপ রূপ এবং সলমনের হাতে আরতির থালা, দুই-ই মুগ্ধ করেছে ভক্তদের।
সলমনের মা সালমা খান প্রথমে আরতি করেন, এরপর সেলিম খান এবং তারপর ভাইজান নিজে হাতে আরতির থালা নেন। কালো শার্ট আর বেইজ প্যান্টে সলমনের লুক ইতিমধ্যেই ভাইরাল। একে একে পরিবারের বাকি সদস্য, আরবাজ, সোহেল, আলভিরা, অতুল অগ্নিহোত্রী, অর্পিতা, আয়ুষ শর্মা, আহিল, আয়াত, সকলে মিলে এই পুজোয় অংশ নেন। এমনকি তারকা দম্পতি রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডি'সুজা এবং তাঁদের সন্তানদেরও দেখা গেছে বাপ্পার আরাধনায়।
প্রসঙ্গত, সলমনের মা সালমা হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে দীক্ষিত হলেও খানের বাড়িতে বরাবরই সর্বধর্মের সমন্বয় বজায় থেকেছে। বহু বছর ধরেই সলমনের বাড়িতে গণপতি পুজো হয়। প্রথমদিকে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে এই পুজো হত, পরে অর্পিতার ইচ্ছায় তা তাঁর বাড়িতেই শুরু হয়।
এদিকে, রূপালি পর্দায় সলমনকে শেষবার দেখা গেছে এ আর মুরুগাদোসের 'সিকান্দার' ছবিতে, যেখানে তাঁর বিপরীতে ছিলেন রশ্মিকা মান্দানা। এখন অপূর্ব লাখিয়া পরিচালিত 'ব্যাটল অফ গালওয়ান'-এ ভারতীয় সেনার এক জওয়ানের চরিত্রে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি। ২০২০ সালে ভারত-চিন সীমান্তের গালওয়ান উপত্যকায় সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এই ছবি।
— Salman Khan (@BeingSalmanKhan) August 27, 2025
এছাড়া ‘বিগ বস ১৯’-এর সঞ্চালনায়ও ব্যস্ত সলমন। এবারের থিম— ‘ঘরওয়ালোঁ কি সরকার’। রাজনৈতিক দৃষ্টিকোণ মিলিয়ে শোতে এবার প্রতিযোগীদের ক্ষমতার লড়াই বড় আকর্ষণ। শো স্ট্রিম হচ্ছে জিও হটস্টারে রাত ৯টায়, আর কালার্স টিভিতে রাত ১০.৩০ টায়। সলমনের কথায়, “প্রতি বছরই বিগ বস মানেই নতুন চমক। এবারের সিজনও তার ব্যতিক্রম নয়। আমি নিজেও ভীষণ উত্তেজিত।”