আহান-অনীতের ‘সাইয়ারা’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। প্রেক্ষাগৃহে সফল ছবিটি এবার ঘরে বসে উপভোগের সুযোগ।

‘সাইয়ারা’
শেষ আপডেট: 12 August 2025 11:46
দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা আহান পান্ডে ও অনীত পান্ডার ‘সাইয়ারা’ ছবি শুধু বক্স অফিসেই সাড়া ফেলেনি, এটি ভেঙেছে একাধিক রেকর্ড। মোহিত সুরির পরিচালনায় তৈরি এই ছবিটি প্রমাণ করল যে, শুধু সুপারস্টাররাই নয়, গল্প ও অভিনয়ও একটি ছবিকে সফলতার শিখরে পৌঁছে দিতে পারে।
প্রেক্ষাগৃহগুলোতে দর্শকের ভিড় ছিল অভূতপূর্ব। দর্শকরা রীতিমতো আবেগপ্রবণ হয়ে উঠেছেন, নানা আবেগঘন মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শুধু সাধারণ দর্শক নয়, বলিউডের বড় তারকাদেরও এই ছবির প্রশংসা করতে দেখা গেছে।
যাঁরা প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ দেখতে পারেননি, তাদের জন্য রয়েছে সুখবর। খুব শিগগিরই এই ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। মোহিত সুরির ‘সাইয়ারা’ ১২ সেপ্টেম্বর Netflix-এ আসবে, এমনটাই জানিয়েছেন যশ রাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মা তার সোশ্যাল মিডিয়া পোস্টে।
ভক্তরাও এই খবরের জন্য উচ্ছ্বসিত, কেউ লিখেছেন, “প্রতি রবিবার ছবিটি দেখব,” আবার অন্য কেউ বলছেন, “মুক্তির দিন মনে রেখে অপেক্ষা করব।” যদিও নির্মাতারা আনুষ্ঠানিকভাবে মুক্তির দিন ঘোষণা করেননি, তবু অপেক্ষা ক্রমশ বাড়ছে।