শতাব্দী যে অমিত কুমারকে ভালবেসে ফেলেছেন তা জানতেন না গায়ক। আজও জানেন না। সে সময় শতাব্দী নতুন। ওদিকে অমিত কুমার প্রতিষ্ঠিত।

শেষ আপডেট: 11 August 2025 21:56
দ্য ওয়াল ব্যুরো: ইন্ডাস্ট্রিতে তাঁকে নিয়ে খুব একটা গুঞ্জন নেই। জুটি বেঁধে কাজ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পালের সঙ্গে। রিল জুটি হিট হলেও বাস্তবে তাঁর বিয়ে হয়েছিল সম্বন্ধ করেই। তিনি শতাব্দী রায়। দিন কয়েক আগে নিজের প্রথম প্রেমের কথা সামনে এনেছিলেন শতাব্দী।
জানিয়েছিলেন, কেরিয়ারের শুরুতে তিনি মন দিয়েছিলেন এক খ্যাতনামা গায়ককে। যদিও সেই প্রেম পূর্ণতা পায়নি। অভিনেত্রী বলেছিলেন, তাঁর প্রেম একতরফা ছিল। সেই গায়ক কোনও দিনই জানতেন না, তাঁকে ভালবাসেন শতাব্দী।
এ যাবৎ তাঁর নাম প্রকাশ্যে না আনলেও অবশেষে সেই সুদর্শন গায়কের নাম জানিয়েই দিলেন শতাব্দী। জানালেন, তিনি আর কেউ নন, কিশোর কুমার ও রুমা গুহ ঠাকুরতার সন্তান অমিত কুমার।
শতাব্দী যে অমিত কুমারকে ভালবেসে ফেলেছেন তা জানতেন না গায়ক। আজও জানেন না। সে সময় শতাব্দী নতুন। ওদিকে অমিত কুমার প্রতিষ্ঠিত। দু'জনের বয়সের ফারাকও ছিল বিস্তর। তাই সেই প্রেমের ইতি হয়েছিল শুরুতেই। পরবর্তীতে সম্বন্ধ করে বিয়ে হয় তাঁর। সন্তানদের নিয়ে এখন তাঁর সুখের সংসার।