ইতিমধ্যেই ছবির শুটিং শেষ হয়েছে। চলতি বছরেই ‘শির্যা ফিল্মস এন্ড ওয়ে টু সাক্সেস’-এর ব্যানারে অঞ্জনা ঘোষ ও জীত চক্রবর্তীর প্রযোজনায় বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি।

শেষ আপডেট: 10 April 2026 16:41
দ্য ওয়াল ব্যুরো: বাংলা সিনেমায় ভিন্ন স্বাদের সংযোজন করতে চলেছেন পরিচালক সূর্য ভট্টাচার্য। ছোটদের কথা মাথায় রেখে তিনি তৈরি করেছেন এক অভিনব কমেডি ছবি, যার ভিতরে জড়িয়ে আছে রহস্য আর ভৌতিক আবহ—ছবির নাম ‘সাহেব রাজার বাড়ি’। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন অভিজ্ঞ অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়, সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় অমৃতা চট্টোপাধ্যায়, অর্ণব ব্যানার্জি এবং বরুণ চক্রবর্তী। গল্পের আবহ আরও প্রাণবন্ত করতে রয়েছে খুদে শিল্পী আদৃজা ভট্টাচার্য, ওঙ্কার ভট্টাচার্য ও সমাদৃতা দত্ত।
ছবির কাহিনি এগোয় আইটি পেশাদার রাজদীপকে ঘিরে, যিনি পরিবারকে নিয়ে কিছুটা নিরিবিলি সময় কাটাতে বাইরে যাওয়ার পরিকল্পনা করেন। তাঁর স্ত্রী শ্রেয়া পেশায় ট্রাভেল ভ্লগার। নতুন কনটেন্টের খোঁজে সে এবার কোনও সাধারণ পর্যটনকেন্দ্র নয়, বরং বেছে নেয় এক রহস্যঘেরা প্রাসাদ—‘সাহেব রাজার বাড়ি’। এই অভিযানে রাজদীপের মা এবং দুই সন্তান, তিতলি ও তোজো-ও উৎসাহের সঙ্গে সঙ্গী হয়।
এই প্রাসাদের ইতিহাসও কম চমকপ্রদ নয়। একসময় এই বাড়ির মালিক ছিলেন রাজা বিভূতি নারায়ণ চৌধুরী, যিনি ‘সাহেব রাজা’ নামেই পরিচিত। জীবনের বেশিরভাগ সময় তিনি ন্যায়পরায়ণ শাসক হিসেবে সম্মান পেয়েছিলেন, কিন্তু জীবনের শেষ দিকে তাঁর দেওয়া তিনটি বিচার প্রজাদের মনে ক্ষোভ আর অশান্তির জন্ম দেয়। সেই অপরাধবোধ নিয়েই তাঁর মৃত্যু হয়, আর লোকমুখে শোনা যায়—তাঁর আত্মা আজও মুক্তি পায়নি। প্রায় ৩০০ বছর ধরে সেই অতৃপ্ত আত্মা এই প্রাসাদে ঘুরে বেড়াচ্ছে বলে কথিত আছে। আরও শোনা যায়, যে কেউ এই বাড়িতে প্রবেশ করলে সেই আত্মা তাকে আটকে রেখে তিনটি গল্প শোনায় এবং তিনটি প্রশ্ন করে—যার সঠিক উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি।
এই ভয়াবহ অভিজ্ঞতা থেকে রেহাই পায় না রাজদীপের পরিবারও। বহু বছর ধরে অমীমাংসিত সেই প্রশ্নগুলোর উত্তর কি খুঁজে পাবে তিতলি আর তোজো? রাজদীপ ও শ্রেয়া কি পারবে তাদের সন্তানদের এই অদৃশ্য ফাঁদ থেকে উদ্ধার করতে? রহস্য, ইতিহাস, আবেগ আর বুদ্ধির সংঘর্ষে তৈরি হয়েছে এক টানটান গল্প, যা একই সঙ্গে ভয় আর হাসির মিশেলে এগোবে।
ইতিমধ্যেই ছবির শুটিং শেষ হয়েছে। চলতি বছরেই ‘শির্যা ফিল্মস এন্ড ওয়ে টু সাক্সেস’-এর ব্যানারে অঞ্জনা ঘোষ ও জীত চক্রবর্তীর প্রযোজনায় বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি। এখন প্রশ্ন একটাই—তিনটি প্রশ্নের উত্তর কি এবার মিলবে, নাকি ‘সাহেব রাজার বাড়ি’ আরও একবার তার রহস্য আগলে রাখবে?