
সাহেব ভট্টাচার্য
শেষ আপডেট: 26 August 2024 15:42
দ্য ওয়াল ব্যুরো: দুর্ঘটনার কবলে পড়লেন টলিউড অভিনেতা সাহেব ভট্টাচার্য। উল্টে গেল গাড়ি। শুট শেষ করে শুক্রবার সাড়ে ১০টা নাগাদ বাড়ি ফেরার জন্য ক্যাব বুক করেন সাহেব। আর তাতেই ঘটে বিপত্তি।
সাহেব জানান, ‘গাড়িতে ওঠার পর থেকেই বেলাগাম হয়ে গাড়ি চালাচ্ছিলেন চালক। কিছু বোঝার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে জেমস লং সরণিতে ডিভাইডারের গিয়ে সজোরে ধাক্কা মারেন চালক। উল্টে যায় গাড়ি’। সাহেবের সহকারী গুরুতর আহত হলেও অল্পের জন্য রক্ষা পান টলি অভিনেতা। স্থানীয় লোকজন ছুটে এসে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাহেবকে ছেড়ে দিলেও তাঁর সহকারীকে পরদিন ছুটি দেন চিকিৎসকরা। গাড়ির চালককে আটক করেছে পুলিশ।
এই আবহে শহরের অ্যাপ ক্যাবের সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন সাহেব। বলেন, ‘গাড়ি উল্টে যাওয়ার পর কোনও এয়ারব্যাগ কাজ করেনি। চালক ও তার পাশের সিট খুলে বেরিয়ে এসেছিল। বোঝাই যাচ্ছে ক্যাব কোম্পানিগুলো কী ধরনের গাড়ি ব্যবহার করছে।’ গোটা বিষয় ওই ক্যাব সংস্থাকে ইমেলে অভিযোগ জানানোর ইচ্ছে প্রকাশ করেছেন অভিনেতা। এই মুহূর্তে ‘কথা’ ধারাবাহিকে কাজ করছেন সাহেব ভট্টাচার্য।