বিলাসবহুল হৃতিকের ফ্ল্যাট, প্রেমিকা সাবার মাসিক ভাড়া কত?

হৃতিক ও সাবা
শেষ আপডেট: 27 August 2025 13:01
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের গ্রিক গড হৃতিক রোশন যেমন অভিনয় দিয়ে শিরোনামে থাকেন, তেমনই ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় থাকেন প্রায়ই। সম্প্রতি তাঁর বান্ধবী সাবা আজাদের সঙ্গে একাধিক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার শোনা যাচ্ছে, সাবা এবার হৃতিকের বিলাসবহুল ফ্ল্যাটেই থাকবেন, সেটাও কিন্তু ভাড়া দিয়ে!
সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের জুহুতে অবস্থিত মন্নত অ্যাপার্টমেন্টের ১৫ তলায় হৃতিকের এই ফ্ল্যাট। সমুদ্রের ধারে অবস্থিত এই অ্যাপার্টমেন্টের আয়তন প্রায় ১,১০০ বর্গফুট। রয়েছে সমুদ্রমুখী বারান্দা, আধুনিক ইন্টেরিয়র এবং বিলাসবহুল সব সুযোগ-সুবিধা।
সাবা আজাদ অন্তত এক বছর এই ফ্ল্যাটে থাকবেন। তবে বিনামূল্যে নয়, প্রতি মাসে তাঁকে ৭৫,০০০ টাকা ভাড়া দিতে হবে।
সাবা আজাদ শুধু অভিনেত্রী নন, তিনি একজন গায়িকাও বটে। তাঁর নিজস্ব ব্যান্ড রয়েছে, পাশাপাশি থিয়েটারেও সক্রিয়ভাবে কাজ করছেন।
হৃতিক ও সাবার সম্পর্ক নিয়ে বলিউডের অন্দরমহলে কম কানাঘুষো হয়নি। বহুবার তাঁদের একসঙ্গে ডিনার ডেটে দেখা গেছে। শুধু তাই নয়, হৃতিকের পারিবারিক আড্ডা, উৎসব কিংবা বাড়ির পার্টিতেও নিয়মিত উপস্থিত হন সাবা। গত বছর নায়কের দিদির বাড়িতে গণেশ চতুর্থীর উৎসবেও দেখা গিয়েছিল তাঁকে।
হৃতিকের সন্তানদের সঙ্গেও সাবার সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। ফলে বলা যায়, রোশন পরিবারের সঙ্গেই এখন প্রায় ঘরোয়া হয়ে গিয়েছেন সাবা। প্রথম সারির অন্যান্য বলিউড তারকাদের মতো হৃতিকেরও মুম্বইয়ে একাধিক সম্পত্তি রয়েছে। জুহুর বিখ্যাত ভার্সোভা অ্যাপার্টমেন্টেই বর্তমানে সন্তানদের সঙ্গে থাকেন অভিনেতা।