এই সংক্রমণের জেরে মাত্র দুই সপ্তাহে প্রায় ৪ কেজি ওজন কমে গিয়েছে তাঁর। এমনকি হাঁটাচলাও প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। সাবা জানান, কিছুদিন আগেও তিনি নিয়মিত ব্যায়াম করতেন, ভারী ওজন তুলতেন।

শেষ আপডেট: 27 March 2026 19:07
দ্য় ওয়াল ব্যুরো: আচমকাই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় সাবা আজাদ (Saba Azad)-কে। এক বিরল সংক্রমণে আক্রান্ত হয়ে গত দুই সপ্তাহ ধরে চরম শারীরিক দুর্বলতায় ভুগছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই অভিজ্ঞতার কথা শেয়ার করে সাবা লিখেছেন, এটাই তাঁর জীবনের “সবচেয়ে খারাপ ১৪ দিন”।
শুক্রবার ইনস্টাগ্রামে হাসপাতালের বিছানায় শুয়ে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। ছবিতে তাঁকে বেশ খানিকটা ক্লান্ত লাগে, অনেকটাই ভেঙেছে চেহারা। ক্যাপশনে সাবা জানান, ‘Cyclospora cayetanensis’ নামের এক সংক্রমণে তিনি আক্রান্ত হয়েছেন। “আমি সবসময় ঘরের খাবার খাই, নিজের পানীয় জল সঙ্গে রাখি। তবুও কোথা থেকে যে এই সংক্রমণ এল, বুঝতেই পারিনি,” আক্ষেপ করে লেখেন তিনি।
এই সংক্রমণের জেরে মাত্র দুই সপ্তাহে প্রায় ৪ কেজি ওজন কমে গিয়েছে তাঁর। এমনকি হাঁটাচলাও প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। সাবা জানান, কিছুদিন আগেও তিনি নিয়মিত ব্যায়াম করতেন, ভারী ওজন তুলতেন। কিন্তু হঠাৎ করেই এমন দুর্বল হয়ে পড়েন যে, কিছুই করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছিল না, হাঁটতেও পারছিলেন না।
এই অভিজ্ঞতার পর সকলকে সতর্ক করে দিয়েছেন অভিনেত্রী। বিশেষ করে কাঁচা সবজি বা স্যালাড খাওয়ার আগে ভাল করে ধোয়ার পরামর্শ দিয়েছেন। তাঁর কথায়, “নিজের স্বাস্থ্যের জন্য খাবার ভাল করে পরিষ্কার করা অত্যন্ত জরুরি, কখনও কখনও সেটা জীবন-মরণ প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে।”
এই কঠিন সময় তাঁর পাশে রয়েছেন অভিনেতা হৃত্বিক রোশন (Hrithik Roshan)। সাবা জানিয়েছেন, তাঁর মনোবল ভেঙে পড়লেও হৃতিক সবসময় পাশে থেকে তাঁকে হাসানোর চেষ্টা করেছেন এবং মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করেছেন।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে সম্পর্কে রয়েছেন হৃতিক ও সাবা। ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত ক্ষেত্রেও দু’জনেই ব্যস্ত। তবে এই অপ্রত্যাশিত শারীরিক সমস্যার কারণে আপাতত বিশ্রামেই রয়েছেন সাবা আজাদ।