হিন্দমোটরের পুজোয় ঢাক বাজালেন রূপা গাঙ্গুলি। বাংলা সিনেমার প্রতিযোগিতা, দেবের পরিশ্রম ও পুজো উদ্বোধন নিয়ে খোলাখুলি মত প্রকাশ করলেন তিনি।

রূপা গাঙ্গুলি ও দেব।
শেষ আপডেট: 29 September 2025 17:01
দ্য ওয়াল ব্যুরো: পুজোর আবহেই সংবাদমাধ্যমের সামনে বাংলা সিনেমা নিয়ে খোলাখুলি মত প্রকাশ করলেন অভিনেত্রী ও রাজনীতিক রূপা গাঙ্গুলি (Rupa Ganguly)। মুখ খুললেন বাংলা সিনেমা এবং সাম্প্রতিক বিতর্ক নিয়ে। এবং তা বলতে গিয়ে উল্লেখ করলেন, অভিনেতা দেবকে (Dev) কেউ কটাক্ষ করলে তাঁর খারাপ লাগে। কারণ দেবের পরিশ্রম তিনি নিজে চোখে দেখেছেন।
এবারে দুর্গাপুজোয় মুক্তি পেয়েছে চারটি বাংলা সিনেমা। তাই নিয়েই শুরু হয়েছে নানা বিতর্ক ও সালোচনা। তার মধ্যেই রয়েছে দেবের ছবি, রঘু ডাকাত (Raghu Dakat)। অনেকেই বলছেন, বাংলা সিনেমার মধ্যে সমন্বয়ের অভাব ঘটছে, তাই এত প্রতিযোগিতা। সমালোচকদের বক্তব্য প্রসঙ্গে রূপা এদিন বলেন, “বাংলা সিনেমার পরিধিটা ছোট হয়ে গেছে। তাই প্রতিযোগিতাটা বেশি চোখে লাগছে। কিন্তু পরিধি বাড়ালে কেউ ভয় পাবে না। সবার ছবি চলবে। যে যার মতো অন্তত এক-দুটো ছবি দেখবেই।”
হিন্দমোটরের দুর্গাপুজোর মণ্ডপে বিশেষ অতিথি হয়ে হাজির হয়েছিলেন রূপা। বিজেপি পরিবারের সদস্যদের সংগঠন সংকল্প–র আয়োজিত এই পুজোয় ঢাক হাতে বাজাতেও দেখা যায় তাঁকে। উপস্থিত দর্শক-ভক্তদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো।
তবে এদিন পুজোর পাশাপাশি বাংলা সিনেমা নিয়েও কথা বলেন অভিনেত্রী। বিশেষ করে অভিনেতা দেবকে ঘিরে সাম্প্রতিক কটাক্ষের জবাবে রূপার বক্তব্য বেশ জোরালো। তিনি বলেন, “রঘু ডাকাত নিয়ে অনেক কটাক্ষ হচ্ছে। দেব অভিনেতা, খুব পরিশ্রম করে এই জায়গায় পৌঁছেছে। এক জন অভিনেতার পরিশ্রমটাকে আমি নিজের চোখে দেখেছি। সেটা নিয়ে কেউ কটাক্ষ করলে খুব কষ্ট হয়। ও সত্যিই ভীষণ পরিশ্রম করেছে।”
বস্তুত, শুক্রবার দেবের রঘু ডাকাত সিনেমা মুক্তি পাওয়ার পর থেকেই সামনে আসছে বহু নেতিবাচক রিভিউ। কেউ বলছেন এ সিনেমা দক্ষিণী ছবির অনুকরণ, কেউ বলছেন ইতিহাসের বিকৃতি। কেউ কেউ আবার সরাসরি দাগিয়ে দিচ্ছেন 'দেবের খারাপ কাজ' বলে। বেশ কিছু জায়গা থেকে হলভরানোর খবর এলেও, বক্সঅফিসে এ ছবি ব্যবসা করতে শুরু করলেও, সমালোচকদের তিরে বিদ্ধ হয়েই চলেছে এই ছবি। এই আবহেই এবার মুখ খুললেন রূপা গঙ্গোপাধ্যায়। অভিনেতার পরিশ্রমের কথা মনে করিয়ে দেন তিনি। নিজের খারাপ লাগাও জানান।
শুধু সিনেমা নয়, পুজো উদ্বোধন নিয়েও খোলাখুলি মত দেন তিনি। রূপার বক্তব্য, “আমি কোনওদিন পুজো উদ্বোধন করি না। আমি তার যোগ্য বলেই মনে করি না নিজেকে। এখন বোধনের আগে তর্পণ দিয়ে পুজো উদ্বোধন হচ্ছে। পুজো নিয়ে ছেলেখেলাগুলো ভাল হচ্ছে না।”